বিক্ষোভের মুখে পালালেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট
দেশব্যাপী প্রচণ্ড গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলী। তিনি সপরিবারে আশ্রয় নিয়েছেন সৌদি আরবে। তিউনিসিয়ার সাংবিধানিক পরিষদ গতকাল শনিবার পার্লামেন্টের স্পিকার ফুয়াদ মেবাজাকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে। এর আগে শুক্রবার রাতে প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘানৌছি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন।খাদ্য ও জ্বালানির মূল্য বৃদ্ধি, দুর্নীতির প্রতিবাদ ও কর্মসংস্থানের দাবিতে তিউনিসিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে তীব্র বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত বহু মানুষ নিহত হয়েছে। প্রেসিডেন্ট বেন আলী গত বৃহস্পতিবার ঘোষণা দেন, তিনি পরবর্তী মেয়াদে আর নির্বাচন করবেন না। একই সঙ্গে বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগ না করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন। বিরোধীরা তাঁর এই ঘোষণাকে স্বাগত জানালেও তাঁর পদত্যাগের দাবিতে পরদিন শুক্রবারও রাজধানী তিউনিসে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। ওই পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়েন দীর্ঘ ২৩ বছর দেশ শাসনকারী বেন আলী।পরিবারের সদস্যদের নিয়ে তিউনিস থেকে রাতের বেলায় বিমানে ওঠে পড়েন বেন আলী। তিনি কোন দেশে যাচ্ছেন, সে বিষয়টি তখনো অনিশ্চিত ছিল। এরপর ফরাসি গণমাধ্যম জানায়, বেন আলী ফ্রান্সে আশ্রয় নিতে চাইলেও তাঁর বিমান ফ্রান্সে অবতরণের অনুমতি দেননি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি।এরপর গতকাল শনিবার সকালে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এপিএ) এক সরকারি বিবৃতির বরাত দিয়ে জানায়, বেন আলী সৌদি আরবে পৌঁছেছেন। দেশটির এক কর্মকর্তা জানান, বেন আলী বন্দর নগর জেদ্দায় অবস্থান করছেন।সরকারি বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট বেন আলী এবং তাঁর পরিবারের সদস্যদের স্বাগত জানিয়েছে সরকার। তিউনিসিয়ায় চলমান অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে বেন আলীকে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।’ বিভিন্ন দেশ থেকে উৎখাত হওয়া শাসকদের বরাবরই আশ্রয় দিয়ে থাকে সৌদি আরব।প্রেসিডেন্ট দেশ ছাড়ার পর প্রথমে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘানৌছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশে জরুরি অবস্থা জারি করে তিনি বলেন, শিগগিরই একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হবে। ঘানৌছি টেলিফোনে আল-জাজিরা টেলিভিশনকে বলেন, বর্তমান পরিস্থিতিতে বেন আলীর দেশে ফেরা সম্ভব নয়। যেসব বিরোধী নেতা দেশের বাইরে অবস্থান করছেন, তাঁদের দেশে আসার অনুমতি দেওয়া হবে বলে তিনি জানান।এদিকে প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোর সঙ্গে সঙ্গে দেশে চরম অরাজকতার সৃষ্টি হয়েছে। বাড়ি-ঘরে আগুন দেওয়া হচ্ছে, চলছে লুটতরাজ। রাজধানীর অনেক জায়গায় গোলাগুলির ঘটনাও ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনাবাহিনী। গতকাল তিউনিসিয়ার পর্যটন নগর মোনাস্তিরের এক কারাগারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪০ নিহত হয়েছেন।রাজধানীর ১৯ কিলোমিটার দূরের ডেনডেন এলাকা থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তার পরিস্থিতি সামাল দিতে হেলিকপ্টার থেকে নামছেন সেনাসদস্যরা। নিরাপত্তাবিষয়ক অভিযোগ জানাতে জনগণের জন্য জরুরি হটলাইন চালু করেছে সেনাবাহিনী।তিউনিসের উপ্পার ইত্তাহরির এলাকা থেকে ওয়ায়েল বাহরিনি নামের এক ব্যক্তি বলেন, চারদিকে চরম অরাজকতা। ওয়াসিম নামের এক যুবক বলেন, ‘চরম বিশৃঙ্খল পরিস্থিতি। আমাদের পরিবার-পরিজন শঙ্কিত হয়ে পড়েছে।’ঘানৌছি বলেন, ‘দেশে যা ঘটছে, সেটা আদৌ কাম্য নয়। দেশের মানুষের পাশে আমরা আছি। আমরা অবশ্যই সরকারের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনব।’ তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার (গতকাল) তিনি রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনায় বসে একটি জোট সরকার গঠনের চেষ্টা করবেন।এদিকে তিউনিসিয়া সংকটের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, ‘মহাসচিব বান কি মুন তিউনিসিয়ার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও বৈধভাবে সংকট সমাধানের জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।’এই পরিস্থিতিকে তিউনিসিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ হিসেবে দেখছেন বিশ্বনেতারা। সেখানে দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন তাঁরা।এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘আমি তিউনিসিয়ার জনগণের সাহসিকতার প্রশংসা জানাই। যুক্তরাষ্ট্র আপনাদের পাশে আছে।’ দ্রুত সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি তিউনিসিয়া কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এএফপি, রয়টার্স, বিবিসি।