বিগ বেন টাওয়ারের নতুন নাম হতে যাচ্ছে এলিজাবেথ টাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের নামানুসারে লন্ডনের ওয়েস্টমিনস্টার প্যালেসের বিখ্যাত বিগ বেন টাওয়ারটির নামকরণ হচ্ছে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের পার্লামেন্টারি ব্যক্তিগত সচিব টবিয়াস এলউড রানি দ্বিতীয় এলিজাবেথের সম্মানার্থে টাওয়ারটি তাঁর নামানুসারে নামকরণের প্রস্তাব করলে অধিকাংশ পার্লামেন্ট সদস্যই তা সমর্থন করেন। ডেইলি মেইল-এর এক প্রতিবেদনে গতকাল শনিবার এ কথা জানা যায়।প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ ও বিরোধীদলীয় নেতা এড মিলিব্যান্ডের মতো যুক্তরাজ্যের রাজনীতিকেরা বিগ বেন টাওয়ারের নাম এলিজাবেথ টাওয়ার করার পরিকল্পনাটি সমর্থন করেছেন। ডেইলি মেইল পত্রিকা জানায়, পার্লামেন্টের ৩৩১ জন আইনপ্রণেতা এরই মধ্যে পরিকল্পনাটির পক্ষে স্বাক্ষর করেছেন। এ ছাড়া টোরি দলের উইলিয়াম হেগ, টেরেসা মে এবং এইন ডানকান স্মিথ, লেবার দলের ডেভিড ব্লাঙ্কেট, জ্যাক স্ট্র এবং লিব ডেম দলের ড্যানি আলেকজান্ডার, ডেভিড লস ও ক্রেস হুনের মতো আইনপ্রণেতারা পরিকল্পনাটির প্রতি সমর্থন জানিয়েছেন। এসব আইনপ্রণেতা আশা করছেন, বিখ্যাত ওই ঘড়িটির নাম বিগ বেনই বজায় থাকবে। তবে টাওয়ারটির নাম বদলে এলিজাবেথ টাওয়ার হবে। মন্ত্রিপরিষদ ও বাকিংহাম প্যালেস উভয়ই পরিকল্পনাটি সমর্থন করবে বলেও ধারণা করা হচ্ছে। চলতি মাসের শেষ দিকে এ পরিকল্পনাটি নিয়ে আলোচনার উদ্দেশ্যে হাউস অব কমন্স কমিশন ও পার্লামেন্টারি গভর্নিং বডি বৈঠকে বসবে।পরিকল্পনাটির প্রণেতা এলউড জানান, তাঁর পরিকল্পনা অধিকাংশ আইনপ্রণেতার সমর্থন পাওয়ায় তিনি অত্যন্ত উৎফুল্ল। তিনি আরও বলেন, ‘এ ধরনের একটি ব্যতিক্রমী সম্মান রানির প্রাপ্য বলে অধিকাংশ আইনপ্রণেতা মনে করায় আমি কৃতজ্ঞ।’ বিবিসি।