বিগ বেনের নাম এলিজাবেথ টাওয়ার করার প্রস্তাব
লন্ডনের ঐতিহাসিক বিগ বেন টাওয়ারের নাম বদলে এলিজাবেথ টাওয়ার করার প্রস্তাব পার্লামেন্টে তোলা হয়েছে। রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের হীরকজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাজ্যের পার্লামেন্টে গত শুক্রবার সকালের অধিবেশনে কনজারভেটিভ দলের এমপি টবায়েস ইল্যুড ২৩ জন এমপির স্বাক্ষরিত ওই প্রস্তাবটি উত্থাপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে তাঁর সঙ্গে ছিলেন লেবার পার্টি-সমর্থিত সাবেক পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র ও স্যার ম্যাকলফ রিফকিন্ড। এ বিষয়ে স্কাই নিউজকে দেওয়া এক প্রতিক্রিয়ায় জ্যাক স্ট্র বলেন, ‘দেশের ও মানুষের কল্যাণে আমাদের রানি সুদীর্ঘ ৬০ বছর ধরে নিবেদিতপ্রাণ রয়েছেন। তাঁর প্রতি শ্রদ্ধার স্থায়ী নিদর্শন হিসেবে বিগ বেনকে এলিজাবেথ টাওয়ার হিসেবে নামকরণ করা খুবই সমীচীন হবে বলেই আমাদের বিশ্বাস।’ তবে এ প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে রিপাবলিক গ্রুপ।