বিচার বিভাগীয় কমিশনের তদন্ত চায় পিএমএল-এন
পাকিস্তানের বিমানবাহিনীর সাবেক প্রধান আসগর খানের মামলার রায় নিয়ে অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন)। দলটি আদালতের রায় মেনে নিয়েছে। তবে কোন কোন রাজনৈতিক নেতা অর্থ পেয়েছেন, তা জানতে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফআইএ) মাধ্যমে নয়, স্বাধীন বিচার বিভাগীয় কমিশনের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছে দলটি।আসগর খানের করা মামলায় গত শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, ১৯৯০ সালের পার্লামেন্ট নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির জয় ঠেকাতে তৎকালীন সেনাপ্রধান আসলাম বেগ ও ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান আসাদ দুররানি ইসলামি জামহুরি ইত্তেহাদ (আইজেআই) নামের রাজনৈতিক জোট গঠনের জন্য কয়েকজন রাজনৈতিক নেতাকে ১৪ কোটি রুপি দেন। তবে এতে বেগ ও দুররানি ব্যক্তিগতভাবে জড়িত। সামরিক বাহিনী বা আইএসআইয়ের এতে কোনো সম্পৃক্ততা নেই। এই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতিও নির্দেশ দেন আদালত।পাকিস্তানের জাতীয় পরিষদে প্রধান বিরোধীদলীয় নেতা চৌধুরী নিসার আলী খান গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে রায়ের ব্যাপারে তাঁর দলের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে এ ব্যাপারে সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু কোন কোন রাজনৈতিক নেতা অর্থ পেয়েছেন, তা জানতে এফআইএর মাধ্যমে তদন্ত করা যাবে না। কারণ, এই তদন্ত কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।’ তিনি এফআইএর পরিবর্তে স্বাধীন বিচার বিভাগীয় কমিশনের মাধ্যমে বিষয়টি তদন্তের দাবি জানান।সুপ্রিম কোর্ট তদন্তের দায়িত্ব এফআইএকে দেওয়ায় বিস্ময় প্রকাশ করেন নিসার আলী খান। তিনি প্রশ্ন তোলেন, গত চার বছরে এফআইএর দায়িত্ব পালনের অবস্থা দেখেও সুপ্রিম কোর্ট কী করে এই দায়িত্ব এফআইএকে দেন? তিনি সুপ্রিম কোর্টের প্রতি প্রশ্ন রাখেন, এফআইএ কি এনআইসিল বা ওজিডিসিএলের মতো কেলেঙ্কারির ঘটনা স্বচ্ছতার সঙ্গে তদন্ত করতে পেরেছে?পিপিপির জয় ঠেকাতে ১৯৮৮ সালে যে নয়টি দলকে নিয়ে আইজেআই গঠন করা হয়, তার মধ্যে পিএমএলও ছিল। তবে পিএমএল-এন তখন আলাদা ছিল না। নিসার আলী খান বলেন, এই তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করতে তাঁরা প্রয়োজনে আদালতে যেতেও প্রস্তুত। তিনি বলেন, এ ঘটনায় প্রকাশ্য বিচার হওয়া উচিত। কোনো কিছু গোপন করা উচিত নয়। জনগণকে জানানো উচিত, কারা টাকা নিয়েছেন। ডন।