বিচার বিভাগীয় তদন্ত করবে ভারত সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় বাজারে সরাসরি বিনিয়োগের (এফডিআই) সুবিধা নেওয়ার জন্য বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ওয়াল-মার্টের তদবিরের বিষয়টি একজন অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে তদন্ত করবে ভারত সরকার। দেশটির সংসদবিষয়ক মন্ত্রী কমল নাথ গতকাল বুধবার এ ঘোষণা দেন।কমল নাথ বলেন, ওয়াল-মার্টের বিষয়ে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে, তা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করার জন্য একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ দেওয়া হবে।বহুজাতিক প্রতিষ্ঠান ওয়াল-মার্টের দাবি, ভারতীয় বাজারে ঢুকতে তারা ক্ষমতাসীনদের ১২৫ কোটি রুপি দিয়েছে এবং ২০১২ সালেই খরচ করেছে ৩০ লাখ ডলার। মার্কিন সিনেটে প্রতিষ্ঠানটির এমন দাবি নিয়ে ভারতীয় পার্লামেন্ট উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি, সিপিএম, সিপিআই, এসপি, জেডি-ইউ, তৃণমূল কংগ্রেস, এজিপি ও এআইএডিএমকের সাংসদদের সম্মিলিত দাবি, ‘দুর্নীতির’ বিষয়টি সামনে চলে আসায় এফডিআই প্রত্যাহার করা উচিত। তাঁরা এ বিষয়ে যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে অথবা বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।বিরোধীরা বলছেন, খুচরা বাজারে বিদেশি বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে সরাসরি বিনিয়োগের সুযোগ দিলে ভারতীয় ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বাজার হারাবে। এতে দরিদ্র লোকেরা ক্ষতিগ্রস্ত হবে। তবে সরকার বলছে, দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে এ ধরনের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি নেওয়া প্রয়োজন। দ্য হিন্দু।