মিসরের নবনির্বাচিত প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, তিনি বিচার বিভাগের দেওয়া রায়ের ওপর হস্তক্ষেপ করবেন না৷ খবর এএফপি ও রয়টার্সের।
গত সোমবার কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার তিন সাংবাদিককে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেওয়ার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে সমালোচনা শুরু হয়েছে। ওই সমালোচনার জবাবে গতকাল মঙ্গলবার সিসি এ কথা বলেন৷
সামরিক বাহিনীর এক শিক্ষাসমাপনী অনুষ্ঠানে গতকাল বক্তৃতা করেন মিসরের প্রেসিডেন্ট। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ওই অনুষ্ঠানে সিসি বলেন, মিসরের কর্তৃপক্ষ বিচার বিভাগের স্বাধীনতার প্রতি সম্মান দেখাবে৷ তিনি বলেন, ‘আমরা অবশ্যই বিচার বিভাগের আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকব৷ তাঁদের সমালোচনা করব না৷’
মিথ্যা সংবাদ প্রচার ও নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদারহুডকে সহযোগিতা দেওয়ার দায়ে মিসরের একটি আদালত গত সোমবার আল-জাজিরার তিন সাংবাদিককে সাত বছর থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেন৷ অস্ট্রেলিয়ার নাগরিক পিটার গ্রিস্তি ও মিসরীয় বংশোদ্ভূত কানাডার নাগরিক মোহাম্মদ ফাদেল ফাহমিকে দেওয়া হয় সাত বছরের কারাদণ্ড৷ আর বাহের মোহাম্মদকে দেওয়া হয় দুই ধরনের দণ্ড, এক অভিযোগে সাত বছর এবং অন্য অভিযোগে তিন বছরের কারাদণ্ড৷ অবশ্য তিনজনই তাঁদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন৷
সম্প্রতি গণমাধ্যমের ওপর মিসর সরকারের নিয়ন্ত্রণ আরোপ ও রাজনৈতিক হয়রানির প্রবণতা বেড়ে গেছে৷ এই তিন সাংবাদিকও সেই হয়রানির শিকার বিবেচনা করে তাঁদের বিচারপ্রক্রিয়াটি আন্তর্জাতিক মহলের দৃষ্টি কাড়ে৷