বিচারকদের সঙ্গে মুরসির বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি দেশটির জ্যেষ্ঠ বিচারকদের সঙ্গে বৈঠক করেছেন। প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি নিয়ে সরকারবিরোধীদের বিক্ষোভের পর ওই বৈঠক অনুষ্ঠিত হয়।প্রেসিডেন্ট মুরসি নিজ ক্ষমতা বাড়িয়ে সম্প্রতি একটি ডিক্রি (আদেশ) জারি করেন। ওই আদেশ অনুযায়ী তিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী হবেন। তাঁর কোনো সিদ্ধান্তে বিচার বিভাগও হস্তক্ষেপ করতে পারবে না। মুরসির ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং দেশটির শেয়ারবাজারে দর নয় শতাংশ কমে যায়। মুরসি গত রোববার বলেন, তিনি যে আদেশ জারি করেছেন, সেটি সাময়িক এবং একচ্ছত্র ক্ষমতা দখলের কোনো উদ্দেশ্য তাঁর নেই। গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের মর্যাদা রক্ষায় ওই আদেশ সহায়ক হবে। তিনি বলেন, বিরোধীদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে একটি সমাধানের চেষ্টা করা হবে। নতুন সংবিধানের খসড়া তৈরি হচ্ছে। সেটির ব্যাপারেও মতৈক্যের আশা করা হচ্ছে। বিচারমন্ত্রী আহমেদ মেকি প্রেসিডেন্ট ও বিচারকদের মধ্যে যোগাযোগ স্থাপন করেন। আদেশের কিছু সীমাবদ্ধতা স্বীকার করে তিনি বলেন, চলমান-সংকটের একটি সমাধান হবে বলে আশা করা যায়। মুরসির আদেশের প্রতিবাদে মিসরের বিচারকেরা দেশজুড়ে আন্দোলনের ডাক দেন। বিবিসি।