বিচারবহির্ভূতভাবে ফিলিস্তিনিকে হত্যার নিন্দা জাতিসংঘের
আহত ফিলিস্তিনি হামলাকারীকে এক ইসরায়েলি সেনার গুলি করে হত্যার ঘটনাকে ‘ভয়ানক’ আখ্যায়িত করে এর নিন্দা করেছে জাতিসংঘ। মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া-সংক্রান্ত জাতিসংঘের বিশেষ সমন্বয়ক নিকোলে ম্লাদিনোভ গতকাল শুক্রবার এ নিন্দা জানান।
গত বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের হেবরনে এক ইসরায়েলি সেনাকে ছুরিকাঘাত করেন ওই ফিলিস্তিনি। একপর্যায়ে তিনি আহত হয়ে পড়ে যান। ওই অবস্থায় তখন আরেক সেনা তাঁকে মাথায় গুলি করে হত্যা করেন। ওই হামলাকারীর হাত থেকে পড়ে যাওয়া ছুরিটি তখন তাঁর নাগালের বাইরে ছিল। এ ঘটনার ভিডিও ফুটেজ অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর ব্যাপক নিন্দা শুরু হয়। ইসরায়েলি সেনাবাহিনী ওই সেনাকে গ্রেপ্তার করে।
নিকোলে ম্লাদিনোভ বলেন, ‘আমি ওই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। এটি ভয়ানক, অনৈতিক ঘটনা। এ ধরনের ঘটনা কেবল সন্ত্রাসের পক্ষেই উসকানি জোগাবে।’