বিচারিক তদন্তে হামিদ মিরের হাজিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামিদ মির
হামিদ মির

পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক হামিদ মির তাঁর ওপর হামলার ঘটনা তদন্তকারী বিচারিক কমিশনের কাছে গতকাল শুক্রবার প্রথমবারের মতো হাজিরা দিয়েছেন। সম্প্রতি করাচি বিমানবন্দর থেকে ফেরার পথে তিনি হামলায় আহত হন।
বিচারিক কমিশনের তিন সদস্যের একটি প্যানেল এ সপ্তাহে ওই হামলার ঘটনায় করাচিতে রুদ্ধদ্বার শুনানি করছে। হামিদ মির ও তাঁর পরিবার ওই হামলার ঘটনায় ইতিমধ্যে পাকিস্তানের প্রভাবশালী সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইকে দায়ী করেছে। তবে সংস্থাটি এ অভিযোগ নাকচ করে দিয়েছে।
সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল জিয়ো টিভির জনপ্রিয় ও আলোচিত উপস্থাপক হামিদ মির আইএসআই ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে গঠিত একটি যৌথ তদন্ত দলের সামনে জবানবন্দি দিতে রাজি হননি। কারণ, তিনি আইএসআইকে সন্দেহভাজনদের তালিকায় রেখেছেন।
জিয়ো টিভির প্রতিবেদন অনুযায়ী, হামিদ মির হুইলচেয়ারে চড়ে কমিশনে হাজির হয়ে জবানবন্দি দেন। বিচারক হামিদ মিরকে বলেছেন, এ অবস্থায় তাঁর আদালতে যাওয়া উচিত হবে না। বিবিসি।