বিচারের দাবিতে হাজারো মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খরা, তাপপ্রবাহসহ জলবায়ু পরিবর্তনজনিত নানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষেরা বিশ্বজুড়ে ‘ন্যায়বিচারের’ দাবিতে সড়কে নামছেন। বহু মানুষ আদালতের দ্বারস্থও হয়েছেন, হচ্ছেন। বিশ্বজুড়ে এ নিয়ে অন্তত এক হাজার মামলা হয়েছে, যার দুই-তৃতীয়াংশেরও বেশি যুক্তরাষ্ট্রে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্রানথাম রিসার্চ ইনস্টিটিউট অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট এ তথ্য জানিয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন। অর্ধশতাধিক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা এতে অংশ নেবেন। এই সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করছেন বিশ্বব্যাংকের জিম ইয়ং কিম।

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ন্যায়বিচারের দাবিতে যে আন্দোলন, তাতে এই পরিবর্তনের জন্য বিশ্বের ধনী দেশগুলোকেই দায়ী করা হয়েছে। এই পরিবর্তনের নেতিবাচক প্রভাব বেশি পড়ছে দরিদ্র দেশগুলোয়। ১৯৯২ সালে জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি) এই বৈষম্যের বিষয়টি স্বীকার করে নেয়।

জলবায়ু পরিবর্তনে ক্ষতির ন্যায়বিচারের দাবি তুলে ২০০০ সালে নেদারল্যান্ডসের দ্য হেগে একটি সম্মেলনের পর বৈশ্বিক বেসরকারি সংগঠনগুলোর (এনজিও) জোট ২৭টি নীতি গ্রহণ করে। সংগঠনগুলো তাদের ঘোষণায় বলে, প্রাকৃতিক সম্পদ, স্থিতিশীল জলবায়ু ও স্বাস্থ্যকর পৃথিবীর প্রতি অনাগত প্রজন্মের অধিকারকে স্বীকার করে নিয়েছে এই সম্মেলন।

নেদারল্যান্ডসে দায়ের এক মামলায় আদালত ২০১৫ সালে দেওয়া রায়ে সরকারকে ২০২০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ এক-চতুর্থাংশ কমিয়ে আনতে নির্দেশ দেন। ৯০০ জন ডাচ নাগরিক মামলাটি করেছিলেন। ওই একই বছর ২১ তরুণ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একই ইস্যুতে মামলা ঠুকে দেন। এ ছাড়া জার্মানিতে দায়ের এক মামলায় গত মাসে আদালত জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির বিষয়টি স্বীকার করে নিয়েছেন।