দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মাউং-বাকের ভাইয়ের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। দেশটির কৌঁসুলিরা গতকাল বৃহস্পতিবার এ কথা জানান। এর আগে প্রেসিডেন্টের কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে দুর্নীতি কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়।কৌঁসুলিরা বলেন, প্রেসিডেন্টের ভাই লি স্যাং-দেউকের (৭৬) বিরুদ্ধে সংকটাপন্ন দুটি সঞ্চয়ী ব্যাংকের কাছ থেকে ৬০ কোটি ওয়ান (দ. কোরীয় মুদ্রা) বা পাঁচ লাখ ২৩ হাজার ডলার ও একটি টেক্সটাইল প্রতিষ্ঠানের কাছ থেকে ১৫ কোটি ৭০ লাখ ওয়ান ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হয়েছে। এ অভিযোগে এখন বিচারের সম্মুখীন হতে হবে তাঁকে।হিসাব নিরীক্ষণ ও শাস্তিমূলক ব্যবস্থার হাত থেকে ওই ব্যাংক দুটিকে রক্ষায় তাদের চেয়ারম্যানদের সহায়তা করার অভিযোগে সাবেক আইনজীবী লি স্যাং-দেউককে চলতি মাসের শুরুর দিকে গ্রেপ্তার করা হয়। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে কোনো প্রেসিডেন্টের ভাইকে গ্রেপ্তারের ঘটনা এটাই প্রথম।শুনানিতে অংশ নিতে গত বুধবার তিনি আদালতে এলে ব্যাংকের বিক্ষুব্ধ গ্রাহকেরা তাঁর দিকে ডিম ছুড়ে মারেন। ২০০৭ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে মাউং-বাকের জয়ী হওয়ার পেছনে তাঁর ভাই স্যাং-দেউকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করা হয়। এএফপি।