বিচারের মুখোমুখি হচ্ছেন সেই দুই মার্কিন সেনা
আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের মরদেহের ওপর সেনাদের মূত্রত্যাগের ভিডিওচিত্র ধারণের ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক আদালতে দেশটির দুই মেরিন সেনাসদস্য বিচারের সম্মুখীন হচ্ছেন। মার্কিন সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।অভিযুক্ত সেনাসদস্যরা হলেন, স্টাফ সার্জেন্ট জোসেফ চ্যামবলিন ও অ্যাডওয়ার্ড ডেপটোলা। অধস্তন সেনাদের অসদাচরণের বিষয়ে প্রতিবেদন তুলে ধরা কিংবা গুলিবর্ষণসহ তাঁদের অসদাচরণ বন্ধে ব্যর্থ হওয়ার অভিযোগও আনা হয়েছে এ দুই সেনাসদস্যের বিরুদ্ধে।মৃতদেহের ওপর মূত্রত্যাগের ভিডিওচিত্র ধারণের ঘটনায় গত আগস্টে আরও তিন মেরিন সেনাসদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। চলতি বছর জানুয়ারিতে ওই ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।নর্থ ক্যারোলাইনার ক্যাম্প লিজিউনের সেকেন্ড মেরিন রেজিমেন্টের থার্ড ব্যাটালিয়নে নিয়োজিত ওই দুই নন-কমিশনড কর্মকর্তার বিরুদ্ধে নিহত ব্যক্তিদের লাশের সঙ্গে নানা ভঙ্গিমায় নিজেদের ছবি তোলারও অভিযোগ আনা হয়েছে।মেরিন কর্মকর্তারা জানান, আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে গত বছরের ২৭ জুলাই কিংবা এর আগে-পরে কোনো একদিন তালেবানের বিরুদ্ধে পাল্টা অভিযানকালে ওই সব ঘটনা ঘটে।এদিকে, আগস্টে শাস্তির মুখোমুখি হওয়া তিন সেনাসদস্য এর আগে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নেন। বিবিসি।