
মালয়েশিয়ার নিখোঁজ বিমানের সন্ধানে দক্ষিণ ভারত মহাসাগরের যে অংশে অনুসন্ধান চলছে, তার পরিবেশ খুব বিরূপ আর এলাকাটিও বিচ্ছিন্ন। এর পর থেকে শুরু হয়েছে অ্যান্টার্টিকা মহাদেশের।
অস্ট্রেলিয়ার নেতৃত্বে পরিচালিত এই অনুসন্ধান কার্যক্রমটি মূলত পরিচালিত হচ্ছে অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে দুই হাজার ৫০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভারত মহাসাগরে। আজ শুক্রবার এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিউ সাউথ ওয়েলসের সিডনি বিশবিদ্যালয়ের একজন সমুদ্রবিজ্ঞানী এরিক ভ্যান সেবিল বলেন, মহাসাগরের ওই অঞ্চলে পরিবেশ বিরূপ। সেখানে গেলে অ্যান্টার্টিকার প্রভাবটা অনুভব করা যায়। গত ডিসেম্বরে তিনি ওই এলাকায় গবেষণা পরিচালনাকারী একটি জাহাজে ছিলেন। তিনি বলেন, ‘সাগরের খুব শান্ত পরিস্থিতিতেও জায়গাটি খুব চ্যালেঞ্জিং।’
এরিক ভ্যান বলেন, ‘এটি এমন জায়গা নয় যে, আপনি চাইলেই সেখানে বিমানটির অনুসন্ধানে সপ্তাহের পর সপ্তাহ থাকতে পারবেন না। কয়েক মাস আগে যদি এ ঘটনা ঘটত, তাহলে সাগরের পরিবেশ ও সময় অনুকূলে থাকত।’
তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ভৌত সমুদ্রবিজ্ঞানবিষয়ক শিক্ষক নাথান বিনডফ বলেন, ভারত মহাসাগরের ওই অঞ্চলে প্রচণ্ড বাতাস ও ঢেউ। এটি মহাসাগরের সবচেয়ে বাতাসপূর্ণ এলাকা। সেখানে কালেভদ্রে একটি জাহাজ থেকে অন্য জাহাজের দেখা মেলে। এমনকি ৫০ দিন যাত্রা করার পরও কোনো জাহাজের দেখা মেলে না।
বিমানটি নিখোঁজ হওয়ার ১৩ দিন পর স্যাটেলাইটের চিত্রে সাগরে দুটি বস্তু ধরা পড়েছে, যা ফ্লাইট এমএইচ ৩৭০-এর ধ্বংসাবশেষ হতে পারে বলে মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট আজ বলেন, ‘এগুলো অন্য কোনো জাহাজের ফেলে যাওয়া কন্টেইনারও হতে পারে। আসলে আমরা এখনো জানি না।’
পার্লামেন্টে প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের চারটি বিমান পার্থের দুই হাজার ৫০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভারত মহাসাগরে ২৩ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিমানটির অনুসন্ধান চালিয়েছে।
নিচের দিকে মেঘ থাকায় ওই সব বিমান থেকে উল্লেখযোগ্য তেমন কিছু দেখা যায়নি। সাগরের ওই অংশে নরওয়ের একটি জাহাজও রয়েছে বলে জানানো হয়েছে।
এরিক ভ্যান বলেন, মহাসাগরের এ অংশটি বেশ প্রত্যন্ত এলাকা। তাই বাস্তবে সেখানে ধ্বংসাবশেষ দেখা যাওয়ার বিষয়টি নিয়ে শঙ্কা রয়েছে। যে বস্তু দুটি দেখা গেছে, সেগুলো অন্য বিমান থেকে ফেলে দেওয়া বা অন্যান্য জাহাজ থেকে ফেলে দেওয়া, যা পানিতে ভেসে এসেছে। কিন্তু সেখানে খুব বেশি জাহাজ যায় না।