ইউক্রেনের রুশপন্থী গোষ্ঠীগুলোকে অস্ত্র ছাড়ার জন্য চাপ দিতে রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত সোমবার টেলিফোনে আলাপকালে পুতিনের প্রতি এই আহ্বান জানান ওবামা। এদিকে দেশে ক্রমবর্ধমান বিদ্রোহের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘের সহায়তা চেয়েছে কিয়েভ।
গত রোববারের দুটি ঘটনার জের ধরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। প্রথমটি হচ্ছে, কৃষ্ণসাগর এলাকায় উভয় দেশের মুখোমুখি অবস্থান। সেখানে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ারের খুব কাছাকাছি দিয়ে চলে যায়। অন্য ঘটনাটি হচ্ছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান জন ব্রেনানের ইউক্রেন সফর।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার অনুরোধেই সোমবার প্রেসিডেন্ট পুতিন ও ওবামার মধ্যে ফোনালাপ হয়েছে। ওবামা এ সময় ‘ইউক্রেন সরকারকে অস্থিতিশীল করার জন্য দায়ী সশস্ত্র রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের’ সহায়তার অভিযোগ আনেন মস্কোর বিরুদ্ধে।
অবশ্য, পুতিন রুশপন্থী বিদ্রোহীদের মদদ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। দুই নেতার ফোনালাপের বিষয়ে ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, কালাশনিকভ অস্ত্রধারী যেসব বিচ্ছিন্নতাবাদী পূর্ব ইউক্রেনের বিভিন্ন সরকারি ভবন দখল করে রেখেছে, তাদের রাশিয়া কোনো ধরনের সহায়তা দিচ্ছে না বলে ওবামাকে জানিয়েছেন পুতিন। ইউক্রেনে ‘শক্তি প্রয়োগ ও রক্তগঙ্গা’ এড়াতে সম্ভাব্য সবকিছু করতেও ওবামার প্রতি পুতিন আহ্বান জানান বলে ক্রেমলিনের ওই বিবৃতিতে জানানো হয়।
এদিকে ইউক্রেনের পশ্চিমা-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট ওলেক্সান্দর তুরচিয়ানভ সংকট নিরসনে দেশের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে অধিকতর স্বায়ত্তশাসন দেওয়ার বিষয়ে গণভোট অনুষ্ঠানের প্রস্তাব দেন। প্রেসিডেন্ট দপ্তর জানায়, প্রেসিডেন্ট তুরচিয়ানভ দেশের পূর্ব এলাকায় ‘যৌথ সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে’ জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে সহায়তা চান। জাতিসংঘ তাৎক্ষণিক কিছু জানায়নি।
তুরচিয়ানভ গতকাল অভিযোগ করেন, বিচ্ছন্নতাবাদীদের সহায়তা করে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলের পাশাপাশি দক্ষিণ এলাকাকেও অস্থিতিশীল করার ‘বর্বর পরিকল্পনা’ করছে। এএফপি ও বিবিসি।