বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি স্লোভিয়ানস্কে ঢুকে পড়েছে সেনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের সরকারি বাহিনী পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি স্লোভিয়ানস্কে ঢুকে পড়েছে। সেখানে সেনাবাহিনীকে জাতীয় পতাকা ওড়ানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। খবর বিবিসির।
সরকারি বাহিনী শহরটির কতটা নিয়ন্ত্রণ নিতে পেরেছে, তা স্পষ্ট নয়। তবে বিচ্ছিন্নতাবাদীদের বরাত দিয়ে কিছু খবরে বলা হয়, তারা সেখান থেকে সরে যাচ্ছে। ১০ দিনের অস্ত্রবিরতির পর চলতি সপ্তাহে নতুন করে বিচ্ছিন্নতাবাদবিরোধী অভিযান শুরু করে ইউক্রেনের সেনাবাহিনী।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ তাঁর ফেসবুক পাতায় এক বার্তায় দাবি করেন, বিচ্ছিন্নতাবাদীদের বিরাট একটা অংশ স্লোভিয়ানস্ক ছেড়েছে। সরকারি বাহিনীর অভিযানের মুখে বিদ্রোহীরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে এবং আত্মসমর্পণ করছে। আভাকভ বলেন, স্বঘোষিত দোনেৎস্ক প্রজাতন্ত্রের সামরিক কমান্ডার ইগর স্ট্রেলকভও ওই এলাকা ছেড়েছেন বলে কিছু গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে।
ওই কমান্ডারের প্রকৃত নাম ইগর গিরকিন। ইউক্রেন সরকার ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভাষ্যমতে, তিনি রাশিয়ার সামরিক গোয়েন্দা কর্মকর্তা।
ইউক্রেনের প্রেসিডেন্ট পোরোশেঙ্কোর ওয়েবসাইটে বলা হয়, প্রেসিডেন্ট স্লোভিয়ানস্ক শহরের কাউন্সিল ভবনে রাষ্ট্রীয় পতাকা ওড়ানোর আদেশ দিয়েছেন।