ইউক্রেনের পূর্বাঞ্চলের বিভিন্ন স্থাপনা দখলে নেওয়া রুশপন্থী অস্ত্রধারীদের নিরস্ত্র করতে রাশিয়াকে জোর চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ কাজে ব্যর্থ হলে আরও অবরোধ আরোপ করা হবে বলে হুমকি দিয়েছে ওয়াশিংটন।
ইউক্রেন সংকট সমাধানে গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক করে ইউক্রেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৈঠকে গৃহীত চুক্তি অনুযায়ী, ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রুশপন্থী অস্ত্রধারীদের নিরস্ত্র করা ও সেখানকার ভবনগুলো দখলমুক্ত করার কথা বলা হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, কয়েক দিনের মধ্যে তাঁরা ইউক্রেনে স্বাভাবিক পরিস্থিতি দেখতে চান। তা না হলে যুক্তরাষ্ট্র আরও অবরোধ আরোপের কথা বিবেচনা করবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত শুক্রবার রাতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে বলেছেন, জেনেভা চুক্তির পূর্ণাঙ্গ ও দ্রুত বাস্তবায়ন চায় যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রুশ পররাষ্ট্রমন্ত্রীকে কেরি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, চুক্তির শর্ত বাস্তবায়নে আগামী কয়েক দিন সব পক্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়।
কয়েক দিন আগে ইউক্রেনের পূর্বাঞ্চলের কয়েকটি শহরের গুরুত্বপূর্ণ ভবন দখলে নেয় রুশপন্থী অস্ত্রধারীরা। তাদের হটাতে ওই অঞ্চলে অভিযান শুরু করে ইউক্রেনের বাহিনী। বৃহস্পতিবার জেনেভায় চার পক্ষের চুক্তির পরও দখল ছাড়তে বা পিছু হটতে অস্বীকৃতি জানিয়েছে অস্ত্রধারীরা।
তবে ইউক্রেনের পক্ষ থেকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আন্দ্রি দিসিৎশিয়া জানিয়েছেন, ইস্টার উপলক্ষে অস্ত্রধারীদের বিপক্ষে অভিযান বন্ধ করা হয়েছে। তবে অস্ত্রধারীরা দখলদারি অব্যাহত থাকলে অভিযান আবার শুরু হয়ে যাবে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ শুক্রবার রাতে রাশিয়ার টেলিভিশন চ্যানেলকে বলেন, যুক্তরাষ্ট্র যে আরও অবরোধ আরোপের হুমকি দিচ্ছে, তা মোটেও গ্রহণযোগ্য নয়। কেউ রাশিয়ার সঙ্গে স্কুলের পড়া শেষ করে না আসা ছাত্রের মতো আচরণ করতে পারে না। এএফপি।