বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াই জোরদার করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিব্বতের ‘বিচ্ছিন্নতাবাদীদের’ বিরুদ্ধে লড়াই জোরদার করার নির্দেশ দিয়েছেন চীনের রাষ্ট্রীয় প্রচার বিভাগের প্রধান। দেশটির সরকারি সংবাদপত্র পিপলস ডেইলি এ ব্যাপারে গতকাল রোববার একটি প্রতিবেদন প্রকাশ করে।চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পঞ্চম শীর্ষ নেতা প্রচার বিভাগের প্রধান লি চাংচুন গত সপ্তাহে তিব্বতের রাজধানী লাসা সফরের সময় ওই আহ্বান জানান। লি চাংচুন তখন তিব্বতি বৌদ্ধধর্মের কেন্দ্র বলে পরিচিত জোখাং মন্দিরে গিয়েছিলেন। সফরকালে তিনি বলেন, ‘জাতিগত ও সামাজিক ঐক্য এবং স্থিতিশীলতাই তিব্বতের জীবনীশক্তির উৎস। বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই শুরুর জন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হচ্ছে। তিব্বত চীনের অবিচ্ছেদ্য অংশ এবং এটি একটি ঐতিহাসিক বাস্তবতা। এ ব্যাপারে একটি শিক্ষা অভিযান কার্যক্রম শুরু করা হবে।’সফরকালে লি চাংচুন তিব্বতিদের সর্বোচ্চ ধর্মীয় নেতা দালাই লামার সাবেক নিবাস পোটালা প্যালেসও পরিদর্শন করেন। চীনা শাসনের বিরুদ্ধে তিব্বতিরা দীর্ঘদিন ধরে লড়াই করছে। হিমালয়ের কোলের ওই মালভূমি অঞ্চলে চীন ১৯৫৯ সালে সামরিক অভিযান চালালে দালাই লামা ভারতে আশ্রয় নেন। স্থানীয়দের ধর্মীয় স্বাধীনতা ও সংস্কৃতির ওপর বেইজিং ক্রমেই বেশি করে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ রয়েছে। বেইজিংয়ের শাসনের প্রতিবাদে তিব্বতে গত কয়েক মাসে ৪২ ব্যক্তি শরীরে আগুন ধরিয়ে আত্মাহুতি দিয়েছে। এএফপি।