বিচ্ছিন্নতাবাদীদের শাস্তির হুমকি ইউক্রেনের নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের শাস্তির হুমকি দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো৷ আর পূর্বাঞ্চলে ‘শান্তি’ ফেরানোর প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো কোভাল৷ গত বৃহস্পতিবার বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে সামরিক হেলিকপ্টার ভূপাতিত হয়ে ১৪ সেনা নিহত হওয়ার পর এসব বক্তব্য এল৷ খবর বিবিসি ও আল-জাজিরার৷
পোরোশেঙ্কো বলেন, যেসব রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনায় জড়িত, তাদের অবশ্যই শাস্তি দেওয়া হবে৷ বিচ্ছিন্নতাবাদীদের ‘সন্ত্রাসী’ ও ‘দস্যু’ হিসেবেও আখ্যায়িত করেন তিনি৷ আর বর্তমান অন্তর্বর্তী প্রতিরক্ষামন্ত্রী কোভাল সাংবাদিকদের বলেন, ‘স্বাভাবিক জীবনযাত্রা ও শান্তি ফিরে না আসা পর্যন্ত’ দেশের পূর্বাঞ্চলে সামরিক অভিযান চলবে৷ রাশিয়া বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিচ্ছে বলে আবারও অভিযোগ করেন তিনি৷
তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব অভিযোগ অস্বীকার করেছেন৷