চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের কুনমিংয়ে রেলওয়ে স্টেশনে হামলার জন্য বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে সরকার। গত শনিবার সন্ধ্যায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ২৯ জনের মৃত্যু হয়। ঘটনাস্থলেই চার হামলাকারী গুলিতে নিহত হয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া গতকাল রোববার জানায়, কুনমিংয়ের ওই হামলার ঘটনায় জিনজিয়াংয়ের বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করছে সরকার। তবে এ ব্যাপারে আর বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। তাই তাদের দাবির সত্যতা যাচাই করা যায়নি।
পুলিশ জানায়, কালো পোশাকধারী একদল সন্ত্রাসী আকস্মিক স্টেশনে ঢুকে লোকজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আহত ব্যক্তিদের তাৎক্ষণিক কুনমিংয়ের হাসপাতালে নেওয়া হয়।
হামলায় জড়িত সন্দেহে এক নারীকে আহতাবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সন্দেহভাজন আরও দুই ব্যক্তি পালিয়ে গেছেন। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘সংগঠিত, পূর্বপরিকল্পিত ও সহিংস সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে।
জিনজিয়াংয়ের উইঘুর মুসলিম সম্প্রদায় চীনা শাসনের অবসান ঘটিয়ে স্বায়ত্তশাসন দাবি করে আসছে। তাদের এই প্রথম অনেক দূরে সংঘটিত কোনো বড় ধরনের সন্ত্রাসী হামলার জন্য দায়ী করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনাস্থল থেকে যাঁরা দ্রুত পালিয়ে যেতে পারেননি, তাঁদের ছুরিকাঘাত করা হয়েছে। হামলাকারীদের প্রত্যেকেই পুরুষ বলে প্রথমে খবর প্রকাশিত হলেও পরে বলা হয়, ‘সন্ত্রাসী’ দলটিতে নারীও ছিল। নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রকাশ করে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং। প্রধানমন্ত্রী বলেন, সহিংস ওই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে এবং তাদের দমনে অভিযান চালানো হবে।
চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে গত অক্টোবরে জনসাধারণের ওপর একটি মোটরগাড়ি উঠে গেলে পাঁচজনের মৃত্যু হয়। ওই ঘটনার জন্যও কর্তৃপক্ষ তখন জিনজিয়াংয়ের বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছিল। রয়টার্স ও বিবিসি।