বিচ্ছেদ হলেও ভিসামুক্ত যাতায়াত চালু রাখবে যুক্তরাজ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: এএফপি
ছবি: এএফপি

বিচ্ছেদের পরও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত যাতায়াত চালু রাখার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। তবে ইইউর নাগরিকেরা যুক্তরাজ্যে পড়াশোনা বা কোনো উপার্জনে যুক্ত হতে চাইলে অনুমোদন নিতে হবে। বিনিময়ে ইইউভুক্ত দেশগুলোতে যাতায়াতে ব্রিটিশ নাগরিকদের জন্য একই সুবিধা চাইবে দেশটি। 


আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের গণমাধ্যমগুলো গোপন সূত্রে পাওয়া সরকারি নথির বরাত দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেশটিতে অভিবাসন নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

অভিবাসনবিরোধী উগ্র ডানপন্থী নেতা নাইজেল ফারাজ বলেন, থেরেসা মের সরকার ইইউর খাঁচায় বন্দী হচ্ছে। ভিন্নরূপে অবাধ অভিবাসনের পথ খোলা রাখার পাঁয়তারা করছে।

২০১৬ সালের ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে যুক্তরাজ্যের মানুষ ইইউর সদস্যপদ ত্যাগের পক্ষে রায় দেয়। মূলত ইইউভুক্ত বাকি ২৮টি দেশের নাগরিকদের অবাধে যুক্তরাজ্যে প্রবেশ ও বসবাস ঠেকাতেই এমন রায়। এ কারণে বিচ্ছেদের রায় বাস্তবায়নের ক্ষেত্রে অভিবাসন নিয়ন্ত্রণ নিশ্চিত করার কাজটি অন্যতম। ইইউর সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদের বিষয়টি ‘ব্রেক্সিট’ নামে অধিক পরিচিত, যা ‘ব্রিটেন এক্সিট’-এর সংক্ষেপিত রূপ। গত মার্চ থেকে ব্রেক্সিট কার্যকরে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। চলমান প্রক্রিয়া অনুযায়ী ২০১৯ সালের মার্চ মাসে ব্রেক্সিট কার্যকর হবে।

ইইউর মৌলিক নীতি হলো দেশগুলোর মধ্যে পণ্য ও শ্রমের বাধাহীন বিচরণের সুযোগ। এতে সদস্য দেশগুলোর নাগরিকদের অবাধ বিচরণ বন্ধ করে মুক্ত বাণিজ্যের সুবিধা ধরে রাখার কোনো সুযোগ নেই। প্রতিবেশী এই বিশাল একক বাজারের শুল্কমুক্ত আমদানি-রপ্তানির সুযোগ ছাড়া নিয়ে তীব্র বিভাজন রয়েছে যুক্তরাজ্যে। কেননা একক বাজারের সুযোগ হাতছাড়া হলে দেশটির অর্থনীতি ধসে পড়তে পারে বলে আশঙ্কা। তাই একদিকে অভিবাসন নিয়ন্ত্রণ, অন্যদিকে দেশের অর্থনৈতিক স্বার্থ—এ দুইয়ের মধ্যে সমন্বয় করে ব্রেক্সিট বাস্তবায়নে জোর চেষ্টা চালাচ্ছে থেরেসা মের সরকার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের শুরুর দিকে ইইউ নাগরিকদের বিষয়ে সরকার নতুন অভিবাসননীতি চূড়ান্ত করবে। খসড়া নীতি অনুযায়ী, ২০১৯ সালের মার্চ থেকেই ইইউ নাগরিকেরা অবাধে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারলেও অনুমোদন ছাড়া কর্মসংস্থান কিংবা পড়াশোনায় যুক্ত হতে পারবে না, পাবে না রাষ্ট্রীয় কল্যাণ সুবিধাও। কেবল ভ্রমণের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তারা যুক্তরাজ্যে অবস্থান করতে পারবে। এর বিনিময়ে ব্রিটিশ নাগরিকদের ইউরোপ ভ্রমণে একই সুবিধা দেওয়া হবে কি না, তা ইইউর ওপর নির্ভর করছে।

ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি এন্ড্র বাইডেন বিবিসিকে বলেন, যুক্তরাজ্য দ্বার বন্ধ করে একঘরে হতে চাইছে না। সাপ্তাহিক ছুটি কাটাতে প্যারিস যাওয়ার জন্য কেউ নিশ্চয়ই ভিসা নিতে চাইবে না। তিনি বলেন, কর্মসংস্থান ও রাষ্ট্রীয় কল্যাণ সুবিধায় নিয়ন্ত্রণ আরোপই অভিবাসন নিয়ন্ত্রণের উত্তম পন্থা।

অভিবাসন নিয়ন্ত্রণে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ‘দ্য মাইগ্রেশন ওয়াচ’ সরকারের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। তবে তারা বলছে, ইইউ থেকে অভিবাসীরা নিয়ম ভঙ্গ করে উপার্জনে যুক্ত হচ্ছে কি না বা অন্যায়ভাবে কোনো সুবিধা নিচ্ছে কি না, এসব নজরদারিতে বাড়তি বিনিয়োগ করতে হবে।

এর আগে গতকাল বুধবার সরকার এক ঘোষণায় বলেছে, বিচ্ছেদের পরও স্বাধীন আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের অংশ দক্ষিণ আয়ারল্যান্ডের মধ্যকার সীমান্ত উন্মুক্ত থাকবে। আয়ারল্যান্ডের শান্তি বজায় রাখার স্বার্থে এটি অত্যন্ত জরুরি। অভিবাসনবিরোধীরা সরকারের এ ঘোষণায় আপত্তি তুলেছে।