বিচ্ছেদও হোক ধুমধাম করে
বিবাহবিচ্ছেদ মানে একটি পরিবারের সমাপ্তি। হাজারও স্বপ্নকে জলাঞ্জলি দেওয়া। এ সময় কারও চোখে কান্না, কারও অনিশ্চিত ভবিষ্যৎ। কেউবা পুড়তে থাকে চাপা ক্রোধে। কিন্তু হিরোকি তেরাই এর কোনোটাই চান না। তিনি চান, তিক্ততাপূর্ণ পরিবেশে নয়, বিবাহবিচ্ছেদ হোক আনন্দঘন পরিবেশে এবং এর মধ্য দিয়েই শুরু হোক দুটি জীবনের নতুন করে পথচলা।জাপানের নাগরিক হিরোকি তেরাই আগে একটি দোকানের কর্মী হিসেবে কাজ করতেন। এখন তিনি সে দেশের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। অনুষ্ঠান করে বিবাহবিচ্ছেদের ধারণা সৃষ্টি করেছেন তিনি। হিরোকি চান, মানুষ যেমন ঘটা করে বিয়ে করে তেমনি যেন জাঁকজমকভাবে বিচ্ছেদও হয়। তাহলেই জীবনে বইবে নতুন সুবাতাস। রাজধানী টোকিওতে ছোট্ট একটি বাড়ি ভাড়া নিয়েছেন হিরোকি। নাম দিয়েছেন ডিভোর্স ম্যানশন। বিবাহবিচ্ছেদে আগ্রহী দম্পতিরা এই বাড়িতে এসে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পরস্পরকে তালাক দেন। এ সময় তাঁদের আত্মীয়স্বজনও উপস্থিত থাকেন। জাপানে সম্প্রতি তালাকের হার বেড়ে গেছে। ২০০৮ সালেই আড়াই লাখ বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে। অর্থনৈতিক মন্দার কারণে দিনদিন এ সংখ্যা বাড়ছে। সৃষ্ট পরিস্থিতিতে হিরোকি তালাক বাড়ি খোলার সিদ্ধান্ত নেন। এক বছর আগে চালু করা তাঁর এ তালাক বাড়িতে এ পর্যন্ত ২৫টি দম্পতির তালাক সম্পন্ন হয়েছে। অবশ্য এ জন্য প্রত্যেক দম্পতিকে ৫৫ হাজার ইয়েন (৬০৬ মার্কিন ডলার) পর্যন্ত গুনতে হয়েছে। সর্বশেষ গত রোববার ফুজি ও তাঁর স্ত্রী এ তালাক বাড়িতে এসে পরস্পরকে তালাক দেন। এর আগে তাঁরা টোকিওর ঐতিহ্যবাহী সেনসোজি মন্দিরে যান। সেখান থেকে আলাদা বাহনে করে তাঁরা তালাক বাড়িতে আসেন। সেখানে পৌঁছে ৩৩ বছরের ব্যবসায়ী ফুজি বলেন, ‘বিবাহবিচ্ছেদের মাধ্যমে আমরা আবার নতুন জীবন শুরু করতে চাই।’ তিনি বলেন, বাড়িতে তিনি বেশি সময় দিতে পারেন না। গাড়ি কিনতে গিয়ে তাঁর অনেক খরচ হয়েছে। স্ত্রীর বাধা সত্ত্বেও তিনি খরচের হাত কমাতে পারেননি। দাম্পত্য জীবন টিকাতে না পারার জন্য তিনিই দায়ী।মূল অনুষ্ঠান শুরুর আগেই তালাক বাড়িতে এসে হাজির হয়েছেন ফুজি ও তাঁর স্ত্রীর আত্মীয়স্বজন। এরপর সবার সামনে হাতুড়ি দিয়ে বিয়ের আংটি ভেঙে ফেলা হয়। আর এর মধ্য দিয়ে শেষ হয় ফুজি ও তাঁর স্ত্রীর মধ্যকার আট বছরের বৈবাহিক সম্পর্ক। ফুজি বলেন, ‘যখন ওই আংটি ভেঙে ফেলা হয় তখন নিজেকে অনেক হালকা মনে হয়েছে। মনে হয়েছে, আমি নতুন জীবন পেয়েছি।’ তালাকের পর ফুজির স্ত্রীও স্বস্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আংটিটি ভেঙে ফেলতে দেখে আমার মনে দারুণ অনুভূতি সৃষ্টি হয়েছে।’দেশে সফল হওয়ার পর হিরোকি এখন বিদেশেও তালাক বাড়ি চালু করতে যাচ্ছেন। আগামী মাসেই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে তিনি এ অভিনব ব্যবস্থার সূচনা করবেন। হিরোকি বলেন, ‘গত বছরের এপ্রিলে আমি এ তালাক অনুষ্ঠানের সূচনা করি। আমার মনে হয়েছে, সুন্দরভাবেই একটি বৈবাহিক সম্পর্কের ইতি ঘটা উচিত। রয়টার্স।