বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব বাধা কাটিয়ে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়া অর্থাৎ ব্রেক্সিটের আনুষ্ঠানিক ঘোষণা কেবল সময়ের ব্যাপার বলে মনে হচ্ছে। গতকাল সোমবার এ সংক্রান্ত বিল সংশোধনীর জন্য ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে ফেরত আসে। পর্যবেক্ষকেরা আগে থেকেই বলছেন, থেরেসা মে সরকার অস্বাভাবিক দ্রুততায় বিলটি পাস করিয়ে নেওয়ার চেষ্টা করছে। গতকাল শেষ পর্যন্ত উভয় কক্ষ একমত হলে বিলটি সঙ্গে সঙ্গে আইনে পরিণত হওয়ার কথা।
যুক্তরাজ্যের সংখ্যাগরিষ্ঠ ভোটার ইইউ থেকে বিচ্ছেদের পক্ষে রায় দিয়েছে গত বছরই। এ প্রক্রিয়া ‘ব্রেক্সিট’ নামে বেশি পরিচিত। তবে বিষয়টি কার্যকর করা নিয়ে সরকারের প্রস্তুতি, বিচ্ছেদের প্রক্রিয়াসহ নানা বিষয়ে তুমুল মতবিরোধ জল ঘোলা করেছে অনেক। শেষ পর্যন্ত আইনি লড়াই শেষে বিষয়টি পার্লামেন্টে ভোটাভুটিতে গেলে সেখানেও আসে বাধা।
ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডস দুটি সংশোধনী চাওয়ায় ব্রেক্সিট বিল আটকে যায়। লর্ডসভার সদস্যরা এই বিলে যুক্তরাজ্যে অবস্থানরত ইইউ নাগরিকদের বসবাস অব্যাহত থাকার নিশ্চয়তা এবং ব্রেক্সিট নিয়ে সম্পাদিত সমঝোতার ওপর গণভোটের দাবি করেন। সে কারণেই গতকাল বিলটি নিম্নকক্ষ হাউস অব কমন্সে ফেরত আসে। সরকারের তরফ থেকে বলা হয়, ইইউ নাগরিকদের যুক্তরাজ্যে অবস্থান নিশ্চিত করার বিষয়ে সরকার আন্তরিক। আবার সম্পাদিত সমঝোতার ওপর গণতান্ত্রিক মতামত যাচাইয়েও সরকার আগ্রহী। কিন্তু এসব বিষয় বিলে যুক্ত করা ইইউর সঙ্গে সমঝোতার টেবিলে যাওয়ার আগে প্রধানমন্ত্রী থেরেসা মের হাতা-পা বেঁধে দেওয়ার শামিল হবে।
ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস লর্ড সভার চাওয়া সংশোধনীগুলোকে নাকচ করে দেওয়ার জন্য এমপিদের প্রতি জোর আহ্বান জানিয়েছিলেন।
গতকাল স্থানীয় সময় বিকেলে হাউস অব কমন্সে এমপিদের ওই দুটি সংশোধনীর ওপর ভোট দেওয়ার কথা। এরপর কাল রাতেই বিলটির ওপর উচ্চকক্ষ হাউস অব লর্ডসে আবার ভোটাভুটি হওয়ার কথা। যুক্তরাজ্যে এত দ্রুত কোনো বিল পাশের উদ্যোগকে বলা হয়েছে নজিরবিহীন। এই বিলে ব্রেক্সিট কার্যকরের ক্ষমতা চেয়েছে সরকার। ফলে এটি পাশ হওয়া মাত্রই প্রধানমন্ত্রী থেরেসা মে বিচ্ছেদের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবেন বলে মনে করা হচ্ছে।
সবকিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রী থেরেসা মে আজ মঙ্গলবার কিংবা কাল বুধবার ব্রেক্সিট কার্যকরের আনুষ্ঠানিক আবেদন জানাতে পারেন বলে ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে। গত সপ্তাহে ইইউ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী এন্ডা কেনি জানান, যুক্তরাজ্য বুধবার বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেবে এমনটি ধরে নিয়েই সমঝোতা শুরুর প্রস্তুতি নিচ্ছে ইইউ।
ইইউ সদস্যপদ ত্যাগ করতে হলে সংশ্লিষ্ট দেশকে লিসবন চুক্তির অনুচ্ছেদ ৫০ (আর্টিকেল ফিফটি) সক্রিয় করার লিখিত আবেদন জানাতে হয়। এই অনুচ্ছেদে সম্পর্কের সেলাই খুলে দেওয়ার প্রক্রিয়া বাতলে দেওয়া আছে। আবেদন পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে বিচ্ছেদ প্রক্রিয়ার সমঝোতা শুরুর খসড়া তুলে ধরে একটি জবাব দেবে ইইউ। তবে মূল আলোচনা শুরু হতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। কারণ জোটের দীর্ঘদিনের পুরোনো সম্পর্ক ত্যাগ করে নতুন সম্পর্ক গঠনের কৌশল নির্ধারণের কাজটি সময়সাপেক্ষ। তবে অনুচ্ছেদ ৫০ সক্রিয় করার দুই বছরের মধ্যে সম্পর্ক গুটিয়ে নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
ঠিক কবে ব্রেক্সিটের আনুষ্ঠানিক আবেদন জানানো হবে ব্রিটিশ সরকারের তরফ থেকে সে বিষয়টি খোলাসা করা হয়নি। তবে প্রধানমন্ত্রী থেরেসা মে চলতি মাসেই ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করা হবে বলে ঘোষণা দিয়ে রেখেছেন। সে হিসাবে বলা যায়, ২০১৯ সালের মার্চ মাসেই হয়তো যুক্তরাজ্য ইইউ সদস্যপদ ত্যাগ করে পুরোপুরি বেরিয়ে যাবে। ইইউ এর প্রায় ৭০ বছরের ইতিহাসে যুক্তরাজ্যই প্রথম কোনো দেশ যারা ২৮ দেশের এই জোট ত্যাগ করতে চায়।
ইইউ নেতারা বলছেন, তারা যুক্তরাজ্যকে এখন এমন কোনো সুবিধা দেবেন না যাতে ইইউ জোটে থাকার চাইতে না থাকাটা বেশি সুবিধাজনক বলে মনে হয়। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা বলছেন, সমঝোতায় পছন্দমতো সুবিধা না পেলে তারা কোনো চুক্তি ছাড়াই ইইউ ছেড়ে যাবেন। এ ক্ষেত্রে সবচেয়ে খারাপ পরিস্থিতি যা হতে পারে তা হলো: যুক্তরাজ্য ইইউর বিদ্যমান শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পাবে না। বিশ্ব বাণিজ্য সংস্থার নির্ধারিত শুল্ক প্রদান করে যুক্তরাজ্যকে ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য করতে হবে।