ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের চার রাজ্যের ভোট গণনা আজ রোববার শুরু হয়েছে। এর মধ্যে দিল্লি, রাজস্থান ও মধ্যপ্রদেশে জিততে চলেছে বিজেপি। ছত্তিশগড়ে বিজেপি-কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
পর্যায়ক্রমে এই পাঁচ রাজ্যের নির্বাচন শুরু হয় গত ১১ নভেম্বর থেকে। ৪ ডিসেম্বর তা শেষ হয়। আজ দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় রাজ্যের ভোট গণনা চলছে। মিজোরামের ভোট গণনা হবে সোমবার।
রাজ্যগুলোর মধ্যে দিল্লির ফলাফল প্রায় এসে গেছে। দিল্লিতে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতা হারাতে চলেছে কংগ্রেস। জয় পেতে যাচ্ছে বিজেপি। তবে সেখানে দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা অরবিন্দ কেজরিওয়ালের নতুন দল আম আদমি পার্টির উত্থান ঘটেছে।
দিল্লির পাশাপাশি রাজস্থান ও মধ্যপ্রদেশেও জয় পেতে যাচ্ছে বিজেপি। তবে সর্বশেষ খবর অনুযায়ী, ছত্তিশগড় রাজ্যে কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
আগামী এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচন ভারতের রাজনীতিতে যথেষ্ট গুরুত্ব বহন করেছে।
দিল্লিতে ১৫ বছর ধরে ক্ষমতায় কংগ্রেস। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ১০ বছর ধরে ক্ষমতায় বিজেপি। রাজস্থানে ২০০৮ সাল থেকে ক্ষমতায় কংগ্রেস। মিজোরামে ক্ষমতায় কংগ্রেস জোট।
মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিজেপির একচ্ছত্র আধিপত্য ভাঙতে এবার আদাজল খেয়ে নেমেছিল কংগ্রেস। অন্যদিকে দিল্লি ও রাজস্থানে কংগ্রেসের দুর্গ ভেঙে ফেলার জন্যও আপ্রাণ চেষ্টা করেছে বিজেপি। বিভিন্ন সংবাদমাধ্যম তাদের বুথফেরত সমীক্ষায় বলেছে, এবার ক্ষমতায় আসছে বিজেপি।
দিল্লি: সর্বশেষ ফলাফলে দিল্লি বিধানসভার ৭০ আসনের মধ্যে ৩১টি আসনে বিজেপি, ১৩টি আসনে কংগ্রেস, ২৪টি আসনে আম আদমি পার্টি এবং অন্যরা দুটি আসতে জিততে চলেছে।
রাজস্থান: রাজস্থানের ২০০টি আসনের মধ্যে বিজেপি ১২৫, কংগ্রেস ২৮ এবং অন্যরা ২২টি আসনে এগিয়ে রয়েছে।
মধ্যপ্রদেশ: মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে ১২৬টি আসনে বিজেপি, ২৮টিতে কংগ্রেস এবং ২২টিতে অন্যরা এগিয়ে রয়েছে।
ছত্তিশগড়: ছত্তিশগড়ের ৯০টি আসনের মধ্যে এখন পর্যন্ত গণনায় দেখা গেছে, এখানে কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কংগ্রেস ২৯টি এবং বিজেপি ২৭টি আসনে এগিয়ে আছে।