ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের দ্বিতীয় মেয়াদের মাঝপথে কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদ ঘটে তৃণমূল কংগ্রেসের৷ বলতে গেলে এখন তাদের মুখ দেখােদখি নেই৷ তবে তা লোকসভায় তৃণমূলের দুই সদস্যের সঙ্গে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর আলাপচারিতায় বাধা হতে পারেনি৷ খবর টাইমস অব ইন্ডিয়ার৷
রাহুল গত বুধবার লোকসভা অধিবেশন চলার এক ফাঁকে নিজের আসন ছেড়ে তৃণমূলের সদস্য সৌগত রায় ও কাকলি ঘোষ দস্তিদারের কাছে যান৷ তাঁদের সঙ্গে প্রায় ৪৫ মিনিট কথা বলেন রাহুল৷ তবে মজার বিষয় হলো, আলাপচারিতার মূল বিষয় ছিল বিজেপি৷ রাহুলের অন্যতম জিজ্ঞাসা ছিল, ১৬তম লোকসভা নির্বাচনে বিজেপি কীভাবে এত আসন পেল? পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের সম্ভাবনা কতটুকু?
গত লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে বিগত যেকোনো নির্বাচনের তুলনায় বেশি ভোট পেয়েছে৷ যদিও আসন মাত্র দুটি৷
রাহুল যখন ওই আলাপচারিতায় মগ্ন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধায়ের প্রশংসা করছিলেন৷