বিজেপি ও মোদির জয়ের পাঁচ কারণ
ভারতে এবার লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও এর প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির জয়জয়কারের নেপথ্যে পাঁচটি কারণ কাজ করেছে৷ এর মধ্যে রয়েছে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি, দুর্নীতিবিরোধী লড়াইয়ের প্রতিশ্রুতি, তরুণ ভোটারদের আকৃষ্ট করা, প্রচারণায় প্রযুক্তির ব্যবহার ও অবকাঠামো নির্মাণের প্রতিশ্রুতি৷
অর্থনীতি: একসময় ভারতের গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৫ শতাংশের ওপর৷ কিন্তু কয়েক বছরে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি কমতে থাকে৷ গত বছর তা নেমে দাঁড়ায় ৫ শতাংশে৷ অন্যদিকে মুদ্রাস্ফীতি দেখা দেয়৷ নির্বাচনী প্রচারণায় অর্থনীতির পুনরুদ্ধারের প্রতিশ্রুতির ওপর জোর দেন মোদি৷
দুর্নীতিবিরোধী লড়াই: কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ ওঠে৷ এর মধ্যে আম আদমি পার্টির (এএপি) দুর্নীতিবিরোধী আন্দোলন ভোটারদের মনে সরকারের প্রতি বিরূপ প্রভাব ফেলে৷ মোদি তাঁর নির্বাচনী প্রচারণায় দুর্নীতি দমন ও আমলাতন্ত্রের বিরুদ্ধে ‘চৌকিদারের’ মতো কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন৷
তরুণ ভোটার: ভারতের ৮১ কোটি ভোটারের প্রায় অর্ধেকের বয়স ৩৫-এর নিচে৷ তাঁদের অনেকেই চাকরি-প্রত্যাশী৷ মোদি প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন, ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি করবেন৷
প্রযুক্তির ব্যবহার: বিজেপি ও মোদি নির্বাচনী প্রচারণায় তথ্যপ্রযুক্তির ব্যবহার করেছেন৷ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থেকে ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন মোদি৷ অন্যদিকে তাঁর প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী মাত্র চলতি বছরে টুইটারে বার্তা পাঠানো শুরু করেন৷
অবকাঠামো: বেহাল সড়ক ও বন্দরে অবকাঠামোর অভাব এবং বিদ্যুতের ঘাটতি নিয়ে ব্যবসায়ীসহ জনমনে ক্ষোভের সৃষ্টি হয়৷ এদিকে মোদি তাঁর রাজ্যে হাজারো কিলোমিটার মহাসড়ক নির্মাণ করেন৷ প্রধানমন্ত্রী হলে সারা দেশে অবকাঠামো নির্মাণে জোর দেবেন বলেও প্রতিশ্রুতি দেন মোদি৷ এনডিটিভি৷