বিজেপি ক্ষমতায় এলে টাটা ফিরবে সিঙ্গুরে?
ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের সিঙ্গুরে কি টাটা ফিরে আসবে? এ নিয়ে এখন চলছে জল্পনা-কল্পনা। সম্প্রতি বিজেপির এক নেতা বলেন, তাঁর দল কেন্দ্রের ক্ষমতায় এলে তিনি টাটাকে সিঙ্গুরে আনতে উদ্যোগ নেবেন।
২০০৬ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে সিঙ্গুরে টাটা কোম্পানি ন্যানো গাড়ি তৈরির জন্য একটি কারখানা প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। রাজ্য সরকার ৯৯৭ একর জমি অধিগ্রহণ করে টাটাকে ইজারা দেয়। কিন্তু কিছু মালিকের অনাগ্রহের কারণে সিঙ্গুরে জমি অধিগ্রহণবিরোধী আন্দোলন শুরু করেন তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আন্দোলনের জেরে টাটা গোষ্ঠী ২০০৮ সালে সিঙ্গুর থেকে গুজরাটে চলে যায়।
বিজেপির জাতীয় কমিটির সদস্য তুলসীরাম আগরওয়ালা সম্প্রতি পশ্চিমবঙ্গে এক নির্বাচনী সমাবেশে ইঙ্গিত দেন, বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটাকে ফিরে আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। কথা বলা হবে টাটার কর্মকর্তাদের সঙ্গে।
এদিকে হুগলি আসনের বিজেপির প্রার্থী চন্দন মিত্র বলেছেন, ‘আমি নিজে মোদিকে সিঙ্গুরে আনব।’