লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে অস্ত্র শানিয়ে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি আসানসোল আসনে তিনটি জনসভায় যোগ দিয়ে বিজেপিকে একহাত নেওয়ার চেষ্টা করেন। এদিন মমতার সঙ্গে ছিলেন তৃণমূলের সাংসদ ও অভিনেতা মিঠুন চক্রবর্তী।
সমাবেশে মমতা বিজেপি এবং বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করে বলেন, বিজেপি জিতলে ঘরে ঘরে আগুন লাগাবে।
মমতা প্রশ্ন করেন, যদি গুজরাট জ্বলে তবে কি তার প্রভাব বাংলায় পড়বে না? যদি বিহার জ্বলে তার প্রভাব কি ভারতমাতা অনুভব করবে না? মমতা মন্তব্য করেন, যে দাঙ্গা করে সে কখনো প্রধানমন্ত্রী হতে পারে না। তিনি বলেন, ‘বিজেপি সাম্প্রদায়িক দল। ওরা দাঙ্গা বাধায়। ওরা ভোটের সময় ধর্ম ধর্ম করে।’
মমতা আরও বলেন, এখন পয়সা দিয়ে প্রচার বাড়াচ্ছে। কয়েকটি টিভি চ্যানেল কিনে নিয়েছে। পয়সা দিলেও টিভি দেখে মানুষ ভোট দেয় না। যে দাঙ্গা করে সে কখনো প্রধানমন্ত্রী হতে পারে না।
পাশাপাশি এদিন মিঠুন চক্রবর্তী মমতার পাশে দাঁড়িয়ে বিজেপির স্লোগান ‘হর হর মোদি, ঘর ঘর মোদি’ পাল্টিয়ে নতুন করে স্লোগান দেন ‘ঘর ঘর দিদি, বারবার দিদি’।