বিজেপি জিতলে মোদিই হবেন প্রধানমন্ত্রী

আগামী ২০১৪ সালের লোকসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে নরেন্দ্র মোদির নাম ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার প্রার্থীর নাম ঘোষণা নিয়ে বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সংসদীয় কমিটির বৈঠক হয়।বৈঠক শেষে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে মোদির নাম ঘোষণা করা হয়।
এনডিটিভির এক খবরে বলা হয়, বিজেপির অন্যতম প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি বৈঠকে উপস্থিত ছিলেন না।বৈঠকের আগে তিনি প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে নরেন্দ্র মোদিকে মনোনীত করার বিষয়ে ঘোর আপত্তি জানিয়েছেন।শুধু তিনি নন, সুষমা স্বরাজ ও মুরলি মনোহর যোশিও মোদিকে মনোনয়ন দিতে নারাজ ছিলেন। বৈঠক শেষে মুরলি মনোহর যোশি বলেন, ‘এ ক্ষেত্রে অনেকের মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা একত্র।’
এদিকে একসময়ের বিজেপি জোট শিবসেনার সভাপতি উদ্ধভ থ্যাকারে গতকাল বৃহস্পতিবার রাতে নরেন্দ্র মোদিকে ফোনে তাঁর সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন। সংসদীয় কমিটির বৈঠকে বিজেপির ১১ জন জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন।
জানা গেছে, মোদিকে প্রার্থী না করার ব্যাপারে আজ সকালে আদভানি দলের অন্য নেতাদের সঙ্গে সাক্ষাত্ করেন।কিন্তু তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, দলের পছন্দের বাইরে তাঁরা কাউকেই ভোট দেবেন না। ২০০২ সাল থেকেই নরেন্দ্র মোদি একজন সাম্প্রদায়িক নেতা হিসেবে পরিচিত। ওই সময় গুজরাটে দাঙ্গায় প্রায় তিন হাজার মুসলমান নিহত হয়েছিল। ওই হত্যাকাণ্ডের জন্য নরেন্দ্র মোদিকেই দায়ী করা হয়। ভারতের প্রগতিশীল সুশীল সমাজ ও অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন সম্প্রতি মোদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না বলে মত দেন।