বিজেপি-টিডিপি জোট আবার সমস্যায়
নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে নতুন করে সমস্যার মুখে পড়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও স্থানীয় দল তেলেগু দেশম পার্টির (টিডিপি) জোট। সীমান্ধ্র অঞ্চলে বিধানসভার তিনটি আসন থেকে টিডিপিকে তাদের প্রার্থী প্রত্যাহার করে নিতে বলেছে বিজেপি। তা না হলে আজ মঙ্গলবার হায়দরাবাদে নরেন্দ্র মোদির সমাবেশ থেকে চন্দ্র বাবু নাইডুর দল টিডিপিকে দূরে থাকতে বলা হয়েছে।
তেলেঙ্গানার নাজিমাবাদ, করিমনগর ও মাহবুবনগরে আজ তিনটি সমাবেশের আয়োজন করেছে বিজেপি। দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদি এই সমাবেশে বক্তৃতা করবেন। এ ছাড়া হায়দরাবাদের এলবি স্টেডিয়ামে আরও একটি সমাবেশ আছে। বিজেপির নেতৃত্বাধীন জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) এই সমাবেশের আয়োজন করেছে। সেই হিসাবে বিজেপির অন্য সব জোট সঙ্গীর মতো টিডিপিরও এই সমাবেশে যোগ দেওয়ার কথা।
কিন্তু বিজেপি বলেছে, সীমান্ধ্র অঞ্চলে বিধানসভার তিনটি আসন থেকে টিডিপি তাদের প্রার্থী প্রত্যাহার করে না নিলে তারা যেন হায়দরাবাদের আজকের সমাবেশে যোগ না দেয়। আসন ভাগাভাগির অংশ হিসেবে বিধানসভার শান্তনুতালাপাদু, কাইকালুর ও কাদাপা আসন বিজেপিকে ছেড়ে দিয়েছে টিডিপি। এর পরও গত শনিবার ওই সব আসনে টিডিপির প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এতে ক্ষিপ্ত হয় বিজেপি।
বিজেপির একটি সূত্র জানায়, মোদি চাইছেন টিডিপির প্রার্থীরা সোমবারের (গতকাল) মধ্যে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ান। তা না হলে দুই দলের মধ্যে জোটের বিষয়টি আবার সমস্যায় পড়বে।
মূলত আসন ভাগাভাগিকে কেন্দ্র করে বিজেপি ও টিডিপির মধ্যে কয়েক দিন ধরে টানাপোড়েন চলছে। টাইমস অব ইন্ডিয়া।