বিজেপি থেকে প্রার্থী হলেন জাদুকর পি সি সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট পেয়েছেন প্রখ্যাত জাদুকর পি সি সরকার (জুনিয়র)। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত আসন থেকে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনয়ন পেয়ে গত মঙ্গলবার নির্বাচনী ময়দানে নেমে পড়েছেন এই জাদুশিল্পী। এদিনই তিনি বারাসাত এসে প্রথম মিলিত হন নবপল্লীর সুভাষ ইনস্টিটিউটে বিজেপির নেতা-কর্মী ও স্থানীয় মানুষজনের সঙ্গে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী জয়শ্রী সরকার ও কন্যা মানেকা সরকার।
বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে পি সি সরকার তাঁর জীবনের নানা কথা শোনান। এককালে বাংলাদেশের বাসিন্দা পি সি সরকার বলেন, ‘আমি জাদু দেখিয়ে বিদেশ থেকে ডলার আনি। আর অসৎ রাজনীতিকেরা এ দেশের অর্থ বিদেশে পাচার করেন।’
পি সি সরকার বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই। আমি বারাসাতে আর জাদু দেখাব না। আমি চাই, এবার জাদু দেখাবে বারাসাতের মানুষ। সেই বিশ্বাস নিয়েই আমি হাজির বারাসাতে। এই আসনে বামফ্রন্টের প্রার্থী পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী মোর্তজা হোসেন এবং তৃণমূলের প্রার্থী বিশিষ্ট চিকিৎসক কাকলি ঘোষ দস্তিদার।
পশ্চিমবঙ্গ রাজ্যে লোকসভার ৪২ আসনে ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট।