বিজেপি, পিপিপিসহ পাঁচ দলের ওপর এনএসএর নজরদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন দল বিজেপিসহ বিশ্বজুড়ে আরও পাঁচটি রাজনৈতিক দলের ওপর ২০১০ সালে গোপন নজরদারি চালাতে যুক্তরাষ্ট্রের একটি শীর্ষ গোয়েন্দা সংস্থাকে অনুমতি দিয়েছিলেন সে দেশের এক আদালত। এসব দলের মধ্যে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও মুসলিম ব্রাদারহুডও রয়েছে। খবর এনডিটিভির।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট পত্রিকা এক গোপন নথির বরাত দিয়ে গত সোমবার একটি প্রতিবেদনে এ খবর দিয়েছে। গোপন নজরদারির তালিকায় থাকা অন্য দলগুলো হলো লেবাননের আমাল, বলিভারিয়ান কনটিনেন্টাল কো-অর্ডিনেটর অব ভেনেজুয়েলা ও ইজিপশিয়ান ন্যাশনাল সালভেশন ফ্রন্ট। মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এসব দলের বিরুদ্ধে ওই গুপ্তচরবৃত্তি চালানোর অনুমতি চায়। আর এ অনুমতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফরেন ইনটেলিজেন্স সারভিল্যান্স কোর্ট।
এনএসএর এই গোপন নজরদারির তালিকায় ভারত ছাড়াও ছিল ১৯৩টি দেশের সরকার। তালিকায় এ ছাড়াও ছিলেন গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান। উল্লেখযোগ্য কয়েকটি সংস্থা হলো বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। ২০১০ সালে ওই আদালতের অনুমতি সাপেক্ষেই এ তালিকা তৈরি করা হয়।
ওয়াশিংটন পোস্ট বলেছে, বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এনএসএ এসব ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানের ওপর গোপন নজরদারি চালিয়ে থাকতে পারে। বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের অনলাইন তৎপরতায় গোপন মার্কিন নজরদারির খবর ফাঁস করে যুক্তরাষ্ট্রের তোপের মুখে পড়া এনএসএর সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন ওয়াশিংটন পোস্টকে সংশ্লিষ্ট গোপন নথি সরবরাহ করেন।
পত্রিকাটি আরও বলেছে, ওই ধরনের গোপন নজরদারির চালানোর জন্য এনএসএকে আদালতের কাছ থেকে প্রতিবছর নতুন করে অনুমতি নিতে হয়।
ওয়াশিংটন পোস্ট বলেছে, ‘এনএসএর গোপন নজরদারি তৎপরতার জাল থেকে বেরিয়ে আসা চারটি দেশ ছাড়া তালিকাভুক্ত অন্য কোনো সরকারের পক্ষেই কার্যত সম্ভব নয়। এই চারটি দেশ হলো যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।’