বিজেপি বেছে নিল হর্ষবর্ধনকেই

ভাবমূর্তি ও সাংগঠনিক দক্ষতার মধ্যে বিজেপি শেষ পর্যন্ত ভাবমূর্তিকেই বেছে নিল। দিল্লির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বেছে নেওয়া হলো স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী হর্ষবর্ধনকে। গতকাল বুধবার দলের সংসদীয় বোর্ডের বৈঠকের পর বিজেপি সভাপতি রাজনাথ সিং এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
হর্ষবর্ধনের স্বচ্ছ ভাবমূর্তি নাকি দলের দিল্লি রাজ্য সভাপতি হিসেবে বিজয় গোয়েলের সাংগঠনিক দক্ষতা, মুখ্যমন্ত্রী প্রার্থী বাছার ক্ষেত্রে কোনটা গুরুত্ব পাওয়া উচিত, বিজেপি শীর্ষ নেতৃত্বে তা নিয়ে টানাপোড়েন চলছিল। শেষ পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ এবং প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির হস্তক্ষেপে হর্ষবর্ধনকেই বেছে নেওয়া হলো।
দিল্লির ভোটে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির আক্রমণের প্রধান হাতিয়ার হলো সরকারের দুর্নীতি ও সাধারণ মানুষের প্রতি কথিত অবহেলার মনোভাব। কাজেই হর্ষবর্ধনের স্বচ্ছ ভাবমূর্তির পাশাপাশি চিকিৎসক হিসেবে তাঁর জনপ্রিয়তা ভোট জয়ে সহায়ক হবে বলেই বিজেপি নেতাদের ধারণা।
টানা পাঁচবারের বিধায়ক হর্ষবর্ধন দিল্লির সাবেক স্বাস্থ্যমন্ত্রী। তিনি দলের রাজ্য শাখার সভাপতিও ছিলেন। ভদ্র ও নরম মনের মানুষ হিসেবে পরিচিত। তবে কারও কারও মতে, রাজনীতিতে এটাই তাঁর দুর্বলতা। আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল তাই তির্যক মন্তব্য করে বলেছেন, হর্ষবর্ধনকে বেছে নেওয়ার কারণ বিজেপি তাঁকে মনমোহন সিংয়ের ভূমিকায় দেখতে আগ্রহী। দুর্নীতি দূর করা তাঁর কর্ম নয়।
বেশ কিছুদিন ধরে রাজ্য সভাপতি হিসেবে পরিশ্রম করে এসে বিজয় গোয়েল হর্ষবর্ধনকে মুখ্যমন্ত্রীর আসনে দেখতে কতটা আগ্রহী হবেন? এই প্রশ্নে রাজধানীর রাজনীতি এখন মশগুল। মুখে ‘আমি অসন্তুষ্ট নই’ বললেও বিজয় গোয়েল ঠিকই ক্ষুব্ধ। বিজেপির এই সিদ্ধান্ত কংগ্রেস ও আম আদমি পার্টি দুই দলকেই খুশি করেছে। উভয় দলেরই ধারণা, বিজেপির ভোটে এর বিরূপ প্রভাব পড়বে। অবশ্য গোয়েলকে সন্তুষ্ট করতে তাঁকে রাজ্যসভার সদস্য করার কথাও আলোচিত হচ্ছে।