বিজেপি রোখার সংকল্প
বামপন্থীদের উদ্যোগে সাম্প্রদায়িকতাবিরোধী সম্মেলনে ১৪টি রাজনৈতিক দল ‘প্রাণ দিয়ে’ বিজেপিকে রোখার সংকল্প নিল। কিন্তু গতকাল বুধবারের এ সম্মেলনে আগামী দিনে একজোট হয়ে এ লক্ষ্যে যৌথ কোনো কর্মসূচি গৃহীত হয়নি। আগামী সাধারণ নির্বাচনের পর কেন্দ্রে অ-কংগ্রেসি ও অ-বিজেপি সরকার গড়তে এ দলগুলো জোটবদ্ধ হবে কি না, সেই ইঙ্গিতও এ সম্মেলনে কেউ দিতে চায়নি।
বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নরেন্দ্র মোদির উত্থান এবং তার পরপরই উত্তর প্রদেশের মুজাফফরনগরের দাঙ্গা দেশের বামপন্থীদের এ সম্মেলন আয়োজনে উৎসাহিত করে। সেই দিক দিয়ে গতকালের সম্মেলন এক কথায় সফল। চার বামপন্থী দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও এ সম্মেলনে যোগ দেন জেডিএস নেতা সাবেক প্রধানমন্ত্রী দেবগৌড়া, সমাজবাদী দলের মুলায়ম সিং যাদব, জেডিইউ নেতা নীতিশ কুমার, বিজেডির জয় পান্ডা, এডিএমকের থাম্বিদুরাই, অগপর প্রফুল্ল মহন্ত, জেভিপির বাবুলাল মারান্ডি, বিক্ষুব্ধ অকালি দলের মনপ্রীত সিং, আরপিআইয়ের প্রকাশ আম্বেদকর এবং কংগ্রেসের জোটসঙ্গী এনসিপি নেতা দেবীপ্রসাদ ত্রিপাঠী।
সম্মেলনে যোগ দেওয়া নেতাদের সবাই ধর্মনিরপেক্ষ ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার রাজনীতির প্রয়োজনীয়তা এবং সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার গুরুত্ব বোঝানোর চেষ্টা করলেন। তবে অদূর ভবিষ্যতে একজোট হওয়া কিংবা যৌথ কর্মসূচি গ্রহণের কোনো প্রস্তাবে আগ্রহী হলেন না।
বামদের এ সম্মেলনের মধ্য দিয়ে আগামী দিনে বিকল্প সরকার গঠনের সলতে পাকানোর কাজ শুরু হলো কি না, সেই প্রশ্ন বারবার উঠে এসেছে। এদিন কিন্তু সেই বিষয়ে নির্দিষ্ট করে কোনো নেতাই কিছু বলেননি। বরং প্রত্যেকেই তাঁদের আগামী দিনের সম্ভাবনা খুলে রেখেছেন। ফলে একদা বিজেপির সঙ্গী হওয়া বিজু জনতা দল কিংবা এআইএডিএমকে ভবিষ্যতে কোনোভাবে বিজেপির সঙ্গে হাত মেলাবে কি না, সে বিষয়ে কোনো অঙ্গীকার এদিন শোনা যায়নি। কিংবা কংগ্রেস ও বিজেপিকে বাদ দিয়ে বিকল্প সরকার গড়তে আগামী দিনে তাঁরা জোটবদ্ধ হবেন, সেই প্রতিশ্রুতিও কেউ দেননি।
বামপন্থীরা এ সম্মেলনে আমন্ত্রণ জানাননি তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় তাই কলকাতায় কটাক্ষ করে বলেছেন, বামপন্থীরা আগে নিজেদের দল সামলাক। তারপর নতুন সরকার গঠনের তোড়জোড় করুক। এ রাজ্যে ওদের ঝাঁপ তো বন্ধ হয়ে গেছে।
অন্যদিকে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ভোটের আগে সব সময়ই তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা মাথাচাড়া দেয়। আসলে তৃতীয় ফ্রন্ট এখন ইতিহাস। আর ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, বিজেপির উত্থান ঠেকাতে কংগ্রেসই এটা করছে। তৃতীয় ফ্রন্ট হলো কংগ্রেসের বি টিম।