বিজেপিকে ক্ষমতায় না আনার আহ্বান জানালেন সোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) আক্রমণ করে বলেছেন, ‘দলটির দৃষ্টি ঘৃণা ও মিথ্যাচারের মেঘে ঢাকা। তাদের আদর্শ বিভেদ সৃষ্টি ও একনায়কসুলভ; যা আমাদের ভারতীয়তা ও হিন্দুস্তানিয়াতকে ধ্বংস করবে।’
কংগ্রেসের তিন মিনিটের একটি টেলিভিশন বিজ্ঞাপনে এসব কথা বলেন সোনিয়া। বিজ্ঞাপনটি দেশটির বেশ কয়েকটি হিন্দি চ্যানেলে গত সোমবার সম্প্রচার করা হয়।
বিজ্ঞাপনে এই প্রথম বিরোধী দলকে ক্ষমতায় না আনার জন্য ভোটারদের প্রতি সরাসরি আহ্বান জানান সোনিয়া। তবে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির নাম সরাসরি উল্লেখ করেনি তিনি। বিজেপির নাম ধরে সোনিয়া বলেন, দলটি ভারতের সামাজিক শান্তির জন্য হুমকি।
এর জবাবে বিজেপির সভাপতি রাজনাথ সিং বলেন, সোনিয়ার ও কংগ্রেসের উচিত, ভারতীয়তা সম্পর্কে জেনে তারপর কথা বলা। এনডিটিভি।