বিজেপিকে ঠেকাতে তৃণমূল-বাম এককাট্টা?
এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উত্থান চিন্তায় ফেলেছে রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস ও বামফ্রন্টকে৷ বিজেপি যে পশ্চিমবঙ্গে এভাবে আসন গেড়ে বসবে, নির্বাচনের আগে এই দুই দল তা চিন্তাও করেনি৷
এসব মাথায় রেখে তৃণমূল-বাম এখন বিজেপি ঠেকাতে এককাট্টা৷ তৃণমূল-বাম কখনোই ভালো সম্পর্ক ছিল না৷ কিন্তু গত মঙ্গলবার ১২ সদস্যের বাম প্রতিনিধিদল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন৷ এর পরই বিষয়টি পরিষ্কার হয়ে ওঠে৷
লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে যত জনমত জরিপ হয়েছিল, সবগুলোতেই অনেক পেছনে ছিল বিজেপি৷ কোনো জরিপেই পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের ইঙ্গিত ছিল না৷ কিন্তু নির্বাচনে একেবারে এক লাফে ৪ শতাংশ থেকে ভোট বেড়ে গেল ১৭ শতাংশে। শুধু তাই নয়, বহু আসনেই বাম দল এবং তৃণমূলের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে৷ বিশেষ করে এবারের লোকসভা নির্বাচনে বাম দলের একটি বিরাট অংশের ভোট চলে গেছে বিজেপির ঝুলিতে। বাম দল কখনো চিন্তা করেনি, এভাবে তাদের দলে বিপর্যয় নেমে আসবে। একইভাবে বাড়েনি তৃণমূলের ভোটও।
তাই এবার লোকসভা নির্বাচনের পর ভোটের ফলাফল দেখে উল্লাস দেখাননি মমতা। অথচ তাঁদের আসনসংখ্যা ১৯ থেকে বেড়ে ৩৪ হয়েছিল৷ বিজেপির ভোট বেড়ে যাওয়ায় আনন্দের চেয়ে দুশ্চিন্তায় েবশি পড়েছে তৃণমূল৷
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, বিজেপির এই উত্থান সুদূরপ্রসারী। এখন ক্ষমতায় বিজেপি। বাম দলের ওপর বীতশ্রদ্ধ হয়ে যাঁরা তৃণমূলকে ভোট দিয়েছিলেন, এবার তাঁরা বিজেপির দিকেই ঝুঁকছেন৷ ২০১৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তার আগে কলকাতা পৌর করপোরেশনের নির্বাচন। তাই বিজেপির টিকিট পাওয়ার জন্য এখনই বিজেপি দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দলবদল করার প্রস্তাব নিয়ে ছোটাছুটি শুরু করেছেন।
পশ্চিমবঙ্গ রাজ্যের ২৯৪ আসনের বিধানসভায় বিজেপির একটি আসনও নেই৷ সেই বিজেপি ঘোষণা দিয়েছে, এবার ১৪৯টি আসনে জয়ের লক্ষ্য নিয়ে নির্বাচনে লড়বে তারা। এবার লোকসভা নির্বাচনের ফলাফলের নিিরখে দেখা গেছে, অন্তত ২৮টি বিধানসভা আসনে এগিয়ে বিজেপি। ফলে বিধানসভা ও স্থানীয় নির্বাচনে বাম দল ও তৃণমূলের আসন কমতে পারে, এমন আশঙ্কা করছে দুই দলের শীর্ষ নেতৃত্ব৷