বিজেপিকে বিমুখ করলেন সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরভ গাঙ্গুলী
সৌরভ গাঙ্গুলী

আগামী বছর অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। আজ রোববার ‘হিন্দুস্থান টাইমস’-এর এক প্রতিবেদনে জানানো হয়, এ ধরনের কোনো প্রস্তাব বিবেচনা না করার বিষয়টি নিশ্চিত করছেন সৌরভ।

আজ সাংবাদিকদের সৌরভ জানান, তাঁর জায়গা লোকসভা নয়। বিজেপির কাছ থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমি তাদের বলেছি, আমার কাজ মাঠে।’

পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় একটি বাংলা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল শনিবার বার্তা সংস্থা পিটিআই জানায়, বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির কাছ থেকে প্রস্তাবটি পেয়েছেন সৌরভ। দল ক্ষমতায় এলে গাঙ্গুলীকে ক্রীড়ামন্ত্রী করারও প্রতিশ্রুতি দেন মোদি।

গত মাসের মাঝামাঝি সময়ে এক বন্ধুর মাধ্যমে রাজধানী নয়াদিল্লিতে বিজেপির জাতীয় কমিটির সাধারণ সম্পাদক বরুণ গান্ধীর সঙ্গে সাক্ষাত্ করেন গাঙ্গুলী। এর পরই তাঁর বিজেপির মনোনয়ন পাওয়ার বিষয়ে গুজব জোরালো হয়।