ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধী বিরোধী দলকে ‘আক্রমণাত্মকভাবে রুখে দাঁড়াতে’ নিজ দলের সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি পার্লামেন্টে চলমান অচলাবস্থার জন্য প্রধান বিরোধী দল বিজেপিকে দায়ী করে গতকাল মঙ্গলবার তীব্র ক্ষোভ প্রকাশ করেন।দিল্লিতে কংগ্রেস পার্লামেন্টারি পার্টির (সিপিপি) সভায় সোনিয়া বলেন, ‘আমরা কঠিন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। আসুন, আক্রমণাত্মকভাবে রুখে দাঁড়াই এবং একটি উদ্দেশ্য নিয়ে লড়াই করি। অর্থনৈতিক প্রবৃদ্ধির উচ্চহার যেকোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে। সংলাপ, বিতর্ক ও আলোচনার মাধ্যমে আমরা অগ্রসর হতে পারি। এ ক্ষেত্রে বিরোধী দলেরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। কিন্তু পার্লামেন্টের প্রতি বিজেপির শ্রদ্ধাবোধ অপর্যাপ্ত। সরকারকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্য নিয়ে তারা লোকসভা ও রাজ্যসভায় হইচই করছে। আমাদের অর্জন অনেক, তাই রক্ষণশীল হওয়ার প্রশ্নই ওঠে না। বিরোধী দলের অপপ্রচারে আমরা লক্ষ্য থেকে বিচ্যুত হব না।’সোনিয়া গান্ধী আরও বলেন, কয়লাখনি কেলেঙ্কারির অভিযোগের বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যমূলক। প্রধানমন্ত্রী এ ব্যাপারে তাঁর স্বচ্ছ, জোরালো ও সহজবোধ্য অবস্থান তুলে ধরে বিস্তারিত বিবৃতি দিয়েছেন। এ বক্তব্যে বিজেপির উদ্দেশ্যমূলক প্রচারণার বিষয়টি প্রকাশিত হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী মনমোহন সিং পার্লামেন্টে গত সোমবার বক্তব্য দেওয়ার সময় বিজেপির সাংসদেরা হট্টগোল করেন। কয়লাখনি দুর্নীতিসংক্রান্ত সরকারি প্রতিবেদনে ‘স্বচ্ছতার অভাবের’ বিষয়টি ব্যাখ্যা করে নিজের অবস্থান তুলে ধরতে চেয়েছিলেন মনমোহন। কিন্তু বিরোধী দলের তুমুল হইচইয়ের মুখে তিনি থামতে বাধ্য হন। কয়লাখনি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পদত্যাগ দাবিতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দেশটির পার্লামেন্টে গত ছয় দিনব্যাপী হট্টগোল করে অচলাবস্থা তৈরি করে রাখে। দেশে অর্থনৈতিক অগ্রগতি ফিরিয়ে আনার লক্ষ্যে পার্লামেন্টে সরকার কী পদক্ষেপ গ্রহণ করে তা দেখার অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। কিন্তু পার্লামেন্টে অচলাবস্থার ফলে সরকারের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন বিঘ্নিত হচ্ছে। মনমোহনের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার ২০০৮ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমতে শুরু করে এবং মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে একের পর এক কেলেঙ্কারির অভিযোগ প্রকাশিত হয়। এসব অভিযোগ নিয়ে বিজেপিসহ বিরোধী দলগুলো পার্লামেন্টে প্রতিবাদী ভূমিকা নিয়েছে। এএফপি ও পিটিআই।