বিজেপিতে ভিড়, কংগ্রেসে পিঠটান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজেপির নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ালেন সাবেক ভারতীয় টেস্ট ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু। অমৃতসর থেকে লোকসভায় নির্বাচিত এই সদস্য গতকাল শনিবার জানিয়ে দিলেন, দলের হয়ে নির্বাচন করতে হলে তিনি অমৃতসর থেকেই লড়বেন, অন্য কোনো আসন থেকে নয়। বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব ও সংঘ পরিবার চাইছে রাজ্যসভার নেতা অরুণ জেটলিকে অমৃতসর থেকে প্রার্থী দিতে।
নভজ্যোৎ সিং সিধু বিজেপির নতুন সমস্যা হলে কংগ্রেসের নতুন সমস্যা হলো তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি বা (টিআরএস)। এই দলের সভাপতি কে চন্দ্রশেখর রাও গতকাল হায়দরাবাদে জানিয়ে দিলেন, এবারের ভোটে তেলেঙ্গানায় তাঁরা কংগ্রেসের সঙ্গে কোনো জোট বা আসন সমঝোতা করবেন না। তাঁর এই ঘোষণার আগে এআইসিসির সাধারণ সম্পাদক অন্ধ্র প্রদেশের দায়িত্বপ্রাপ্ত দিগ্বিজয় সিং হায়দরাবাদেই এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন, কংগ্রেস রাজ্যে একা লড়াইয়ের জন্য প্রস্তুত। তিনি বলেন, তেলেঙ্গানা আন্দোলনের সময়ই চন্দ্রশেখর প্রকাশ্যে জানিয়েছিলেন, পৃথক রাজ্যের দাবি পূরণ হলে তাঁরা কংগ্রেসে মিশে যাবেন। অথচ এখন সেই প্রতিশ্রুতি বেবাক ভুলে গেলেন। এই অবস্থায় কংগ্রেসও তেলেঙ্গানার ১৭টি লোকসভা ও ১১৯টি বিধানসভা আসনে একা লড়াইয়ের জন্য প্রস্তুত।
বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি (সিইসি) গতকাল বেলা ১১টায় প্রধানত উত্তর প্রদেশ ও গুজরাটের প্রার্থী পছন্দের জট খুলতে বৈঠকে বসে। জট পুরো না খোলায় বিকেল চারটায় দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়। নরেন্দ্র মোদিকে বারানসি থেকে দাঁড় করানোর ব্যাপারে মুরলি মনোহর যোশিকে রাজি করানোর চেষ্টা চালান শীর্ষ নেতৃত্ব।
সন্ধ্যায় দলীয় সূত্রে খবর আসে, বারানসি ও লক্ষেৗ নিয়ে যথাক্রমে যোশি ও লালজি ট্যান্ডনকে রাজি করানো হয়েছে। যোশি কানপুর থেকে লড়াইয়ে রাজি। লালজি ট্যান্ডনকে রাজ্যসভায় নিয়ে আসা হবে। উত্তর প্রদেশের তিন বিদ্রোহী ব্রাহ্মণ নেতার তৃতীয়জন কলরাজ মিশ্রকে জৌনপুরের টিকিট দেওয়া হচ্ছে। এ ছাড়া সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ভি কে সিংকে রাজস্থানের যোধপুর আসনে মনোনয়ন দেওয়া প্রায় নিশ্চিত।
বিজেপির আরেক শীর্ষ নেতা যশোবন্ত সিং হয় বিকানির নয়তো বারমেড় থেকে দাঁড়াবেন। লালকৃষ্ণ আদভানিকেও সম্ভবত অসন্তুষ্ট করা হবে না। গুজরাটের গান্ধীনগর থেকে তাঁকে এবারও টিকিট দেওয়া হবে। তবে গুজরাটের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে আগামী বুধবার।
বিজেপি ও কংগ্রেসের সমস্যা ভিন্নমুখী। বিজেপিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য চলছে প্রত্যাশীদের লড়াই, কংগ্রেসে লড়তে না-চাওয়ার তালিকা দীর্ঘ হচ্ছে। প্রতিটি জনমত জরিপে বিজেপির পাল্লা ভারী হওয়ায় কংগ্রেসে নির্বাচনবিমুখ নেতাদের সারি কেবলই বড় হচ্ছে। আগামী ১০ এপ্রিল থেকে উত্তর প্রদেশের ভোটপর্ব শুরু হবে। অথচ আজ পর্যন্ত কী কংগ্রেস, কী বিজেপি কোনো দলই তাদের তালিকা পরোপুরি চূড়ান্ত করতে পারল না।