বিজেপির উত্থানে শঙ্কিত তৃণমূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকসভা নির্বাচনে অন্য সব রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উত্থান ঘটেছে। এতে শঙ্কিত রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেসের এবারের লক্ষ্য ছিল, এ রাজ্য থেকে বামদলকে সরিয়ে দেওয়া। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই লক্ষ্য পূরণও হয়েছে। ৪২ লোকসভা আসনের মধ্যে তাঁর দল ৩৪টি আসনে জিতেছে। কিন্তু নির্বাচন থেকে বামদলকে সরাতে গিয়ে বিজেপির উত্থানে অস্বস্তিতে পড়েছে তৃণমূল।

পশ্চিমবঙ্গে এর আগে বিজেপির তেমন কোনো সাংগঠনিক কাঠামো ছিল না। এখনো সাংগঠনিক দিক দিয়ে বিজেপি এই রাজ্যে অনেকটাই দুর্বল। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এই রাজ্যে ৪ শতাংশ ভোট পেয়েছিল। এবার মোদির বেলায় এক লাফে বিজেপির ভোট বেড়ে গেছে ১৭ শতাংশে। এটাই এখন তৃণমূলের মাথাব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে।

লোকসভা নির্বাচনের পর দেখা গেছে, বিধানসভাভিত্তিক আসনে অনেক কেন্দ্রেই তৃণমূলের চেয়ে বিজেপি বেশি ভোট পেয়েছে। পশ্চিমবঙ্গে লোকসভার ৪২টি আসন রয়েছে। এ ৪২টি আসনের অন্তর্ভুক্ত রয়েছে ২৯৪টি বিধানসভার আসন। অর্থাত্, প্রতিটি লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা আসন রয়েছে। লোকসভা নির্বাচনের পর হিসাব করে দেখা গেছে, তৃণমূল কংগ্রেস ২৯৪ আসনের মধ্যে ২১৬টি আসনে এগিয়ে। বামফ্রন্ট এগিয়ে মাত্র ২৯টি আসনে। কংগ্রেস ২৮টিতে আর বিজেপি এগিয়ে আছে ২১টি আসনে। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একটি আসনে জিতলেও ২০১১ সালের বিধানসভা নির্বাচনে একটি আসনেও জিততে পারেনি। এবারের লোকসভা নির্বাচনে বিধানসভার এলাকাভিত্তিক ফলাফলে ২১ আসনে এগিয়ে রয়েছে বিজেপি।

তাই ২০১৬ সালে অনুষ্ঠেয় পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে বিজেপি যে ভালো ফল করবে তার আভাস মিলেছে এবারের লোকসভা নির্বাচনে। আর এ খবরই মমতাকে এখন শঙ্কিত করে তুলেছে।

বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, বহু তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী এখন বিজেপিতে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছেন। রাহুল সিনহা বলেছেন, ‘আমরা এমন কোনো ব্যক্তিকে বিজেপিতে আনব না, যাঁকে নিয়ে বিতর্ক আছে, যাঁর সুনাম নেই এলাকায়। আমরা চাই সত্ মানুষকে।’