বিজেপির ওপর তৃণমূলের হামলা
ভারতের পশ্চিমবঙ্গে জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল সমর্থকদের হামলা ও ভাঙচুরের শিকার হয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থকদের বহনকারী ২২টি বাস। এতে বিজেপির ১৭ জন সমর্থক গুরুতর আহত হয়েছেন। রাজ্যের বীরভূম জেলার বোলপুর শহরে আজ বুধবার এ ঘটনা ঘটে।
এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বিজেপির নেতা রীতেশ তেওয়ারি বলেছেন, মানুষ এখন বিজেপির দিকে ঝুঁকছে, ছাড়ছে তৃণমূল। এটা সহ্য করতে না পেরে হামলা চালিয়েছে তৃণমূলের কর্মীরা।
বিজেপির আরেক নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, পশ্চিমবঙ্গে এখন জঙ্গলরাজ চলছে। এর সমুচিত জবাব দেবে এই রাজ্যের মানুষ।
বোলপুর শহরের ডাকবাংলো মাঠে আজ দুপুরে বিজেপির একটি জনসভা অনুষ্ঠিত হয়। এতে ভাষণ দেন বিজেপির সাংসদ প্রখ্যাত সংগীতশিল্পী বাবুল সুপ্রিয় ও বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। এ জনসভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় দুই হাজার নেতা-কর্মী বিজেপিতে যোগদান করেন।