বিজেপির নতুন নেতা বাছাইয়ে প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পরবর্তী প্রধান কে হবেন, তা বাছাইয়ে জোর আলোচনা শুরু হয়েছে৷ এ প্রচেষ্টার অংশ হিসেবে দলটির বর্তমান প্রধান রাজনাথ সিং গতকাল বুধবার নয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) জ্যেষ্ঠ নেতা সুরেশ সনিসহ অন্যদের সঙ্গে আলোচনা করেন৷ খবর এনডিটিভির৷
বিজেপির আদর্শিক পরামর্শদাতা সংগঠন আরএসএস৷ সুরেশ সনি ও আরএসএসের অন্য নেতাদের সঙ্গে আলোচনায় রাজনাথ সিং তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, সে বিষয় নিয়েই মূলত কথা বলেন বলে সংবাদমাধ্যমের খবরের বলা হয়৷
সদ্য শপথ নেওয়া নরেন্দ্র মোদি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রাজনাথ৷ দলীয় নীতিমালা অনুসারে, বিজেপির কোনো নেতা একই সঙ্গে দল ও সরকারের পদে থাকতে পারেন না৷
আরএসএসের পছন্দে গত বছরের শুরুর দিকে বিজেপির সভাপতি মনোনীত হয়েছিলেন রাজনাথ৷ দলের বর্তমান সাধারণ সম্পাদক জে পি নাড্ডার (৫৪) রাজনাথের স্থলাভিষিক্ত হওয়ার জোর সম্ভাবনা আছে৷
সভাপতি পদে মোদির খুব ঘনিষ্ঠ অমিত শাহের নামও শোনা যাচ্ছে৷ সদ্য অনুষ্ঠিত নির্বাচনে উত্তর প্রদেশের দলের অভাবনীয় সাফল্যে এই নেতার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করা হচ্ছে৷ আরএসএস তাঁকে সমর্থন দিতে পারে বলে মনে করছে দলের একাংশ৷
এ ছাড়া ওম মাথুর নামের আরেক নেতার নামও শোনা যাচ্ছে বিজেপির সভাপতি পদে৷ তিনি নির্বাচনে দলের পক্ষে কাজ করেছেন গুজরাট রাজ্যে৷
দলীয় সূত্রে জানা গেছে, রাজনাথ সিং ও আরএসএস নেতাদের বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্য এবং মন্ত্রিসভায় যাঁরা স্থান পাননি তাঁদের বিষয়েও আলোচনা হয়৷ সাধারণ নির্বাচনে রাজস্থান, হিমাচল ও উত্তরাখন্ড রাজ্যে বিজেপি বড় জয় পেলেও এসব জায়গা থেকে মোদির মন্ত্রিসভায় প্রতিনিধিদের ঠাঁই হয়েছে একেবারেই কম৷ রাজস্থান থেকে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন একজন৷ বাকি দুই রাজ্য থেকে এতে স্থান পাননি কেউই৷
গত সোমবার ৪৫ সদস্যের মন্ত্রিসভাকে নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদি৷ এ অবস্থায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার সদস্য সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷