বিজেপির নতুন 'এ' দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচন-পরবর্তী রাজনৈতিক কৌশল নিয়ে গত বুধবার আলোচনায় বসেছিলেন শীর্ষস্থানীয় চার নেতা৷ পুরোনো ও জ্যেষ্ঠ অনেক নেতাকে পেছনে ফেলে তাঁরাই এখন দলটির গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিচ্ছেন৷
বিজেপির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) ১০ বছর পর আবার সরকার গঠন করতে যাচ্ছে বলে বুথ-ফেরত প্রায় সব জনমত জরিপে উঠে এসেছে৷ এই এক দশকে বিজেপিতে একটি যুগের পরিবর্তন হয়েছে৷ দলটির শীর্ষ চার নেতার মধ্যে নেই সাবেক প্রধানমন্ত্রী অটল বিহাির বাজপেয়ি বা বিজেপির সাবেক সভাপতি লালকৃষ্ণ আদভানি৷ বর্তমানে দলটির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ নেতাদের মধ্যে রয়েছেন দলীয় সভাপতি রাজনাথ সিং, প্রধান নীতিনির্ধারক অরুণ জেটলি ও নীতিন গড়করি৷ তাঁরাই দলটির শক্তিশালী পরামর্শদাতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করেন৷
ওই চার নেতার পাশাপাশি মোদির প্রধান সহযোগী অমিত শাহকে নিয়ে গড়ে উঠেছে বিজেপির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি৷ তাঁরা গুজরাট রাজ্যের গান্ধীনগরে মোদির সরকারি বাসভবনে বুধবার সন্ধ্যায় বসেছিলেন সম্ভাব্য নতুন সরকার ও জোট গঠন, আদভানি ও সুষমা স্বরাজদের মতো জ্যেষ্ঠ নেতাদের ভূমিকা নির্ধারণ প্রভৃতি বিষয় নিয়ে৷
নির্বাচনী বছরে দলীয় সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য আরএসএসের ইচ্ছায় রাজনাথকে গত বছর নিয়োগ দেওয়া হয়৷ দুর্নীতির অভিযোগে তখন সুযোগ হারান গড়করি৷ তবে এখন আবার আরএসএসপ্রধান মোহন ভগবতের আস্থা অর্জন করেছেন তিনি৷
বিজেপিতে মোদির সবচেয়ে পুরোনো বন্ধুদের একজন অরুণ জেটলি৷ তাঁকে সুখে-দুঃখে সঙ্গে রাখার পাশাপাশি দলের প্রথম সারিতে নিয়ে এসেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী মোদি৷ মোদির বিভিন্ন সমস্যা সামাল দেওয়ার প্রধান দায়িত্ব পালন করেন গুজরাটের সাবেক মন্ত্রী অমিত শাহ৷ খুনসহ নানা অভিযোগ থেকে অব্যাহতি পেলেও তাঁর ভাবমূর্তি বিতর্কিত৷ কিন্তু উত্তর প্রদেশ রাজ্ যে দলীয় কৌশল নির্ধারণে দক্ষতার পরিচয় দিয়ে তিনি আলোচনায় এসেছেন৷ এনডিটিভি৷