বিজেপির নির্বাচনী প্রচারাভিযানের প্রধান মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আজ রোববার ২০১৪ সালের জাতীয় নির্বাচনে পার্টির প্রচারদলের প্রধান হিসেবে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়োগ করেছে। টাইমস অব ইন্ডিয়া বলছে, এল কে আদভানিসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার আপত্তি সত্ত্বেও মোদিকে প্রচারদলের প্রধান নিয়োগ করার মধ্য দিয়ে বিজেপি এটাই বলতে চাইছে যে ভবিষ্যতে ভারতের প্রধানমন্ত্রী পদের জন্য বিজেপির পক্ষ থেকে লড়বেন মোদি।
দুই দিনের সভা শেষে বিজেপির সভাপতি রাজনাথ সিং গণমাধ্যমকে বলেন, ‘আমি আপনাদের একটি জরুরি তথ্য দিতে চাই...২০১৪ সালের লোকসভা নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং বিজেপির জয় অর্জনের লক্ষ্যে পার্টির নির্বাচনী প্রচারাভিযান দলের প্রধান হিসেবে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র সিং মোদিকে নিযুক্ত করা হয়েছে।’
রাজনাথ যখন এ ঘোষণা দেন, তখন তাঁর পাশে বিরোধী দলের নেতা সুষমা স্বরাজ, অরুণ জেটলি, দলের সাবেক প্রেসিডেন্ট এম ভেনকিয়া নাইডু, সাধারণ সম্পাদক অনন্ত কুমার প্রমুখ দাঁড়িয়ে ছিলেন। এ সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি নেতারা।

রাজনাথ বলেন, ‘যা হয়েছে, তা দলের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই হয়েছে।’ ৬৩ বছর বয়সী মোদিকে প্রধানমন্ত্রীর পদে মনোনয়ন দিতে একেবারেই অনাগ্রহী বিজেপির সাবেক প্রধান এল কে আদভানি। আজকে সভায় তিনি অনুপস্থিত ছিলেন। এ ছাড়া মোদির সমালোচক ও বিজেপির নেতা যশোবন্ত সিং, ইশোবন্ত সিং, উমা ভারতী ও শত্রুঘ্ন সিনহা দলের নির্বাহী সভায় অংশ নেওয়া থেকে বিরত থাকেন।