বিজেপির নিশানায় এবার পশ্চিমবঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই প্রথম বিজেপি একার শক্তিতে লড়ে পশ্চিমবঙ্গে দু-দুটি লোকসভা আসনে বিজয়ী হয়েছে। বিধানসভার আসনগুলোতেও তাদের ভোট পাওয়ার হার ঈর্ষণীয়৷ ঠিক দুই বছর পরেই বিধানসভার নির্বাচন। ফলে বিজেপি যে এবার পশ্চিমবঙ্গকে নিশানা করবে, তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত এখন পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে নতুন নতুন কর্মী ও সমর্থক সংগ্রহের লক্ষ্যে শিবির পরিচালনা করছেন। বিজেপি পরিবারের সদস্য আরএসএস দেশের হিন্দুসমাজকে ধর্মীয়-সামাজিক ভিত্তিতে ঐক্যবদ্ধ করার জন্য নিরলস চেষ্টা করে থাকে। গত দুই দিনে মোহন ভাগবত উত্তরবঙ্গের রায়গঞ্জ ও দক্ষিণবঙ্গের উলুবেড়িয়ায় দুটি শিবির পরিচালনা করেছেন। রায়গঞ্জের শিবিরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছাত্র ও যুবকদের জড়ো করা হয়েছিল। তেমনই উলুবেড়িয়ায় জড়ো করা হয়েছিল দক্ষিণবঙ্গের অনেক কিশোর ও তরুণকে।
বিজেপি রাজ্য কমিটির নেতা শমীক ভট্টাচার্য অবশ্য এই ব্যাপারটিকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন, প্রতিবছরই আরএসএস গ্রীষ্মের সময় স্কুল-কলেজ ছুটি হলে তরুণদের নিয়ে শিবির করে। মোহন ভাগবতও নিয়মিত এ রাজ্যে এসে থাকেন। এর মধ্যে নতুনত্ব কিছু নেই।
কিন্তু শমীক ভট্টাচার্য অস্বীকার করলেও দলের রাজ্যস্তরের আরেক নেতা রীতেশ আগরওয়াল বলেন, বিজেপি এবার রাজ্যজুড়ে সংগঠন শক্তিশালী করতে উঠেপড়ে নামছে। ভোটের পরে বহু মানুষ তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন।
রীতেশ আগরওয়াল আরও বলেন, ‘গত দুই দিনে আমি নিজেই বহু পরিচিত-অপরিচিত লোকের কাছ থেকে ফোন পেয়েছি। এঁরা সবাই বলছেন, মোদিজি যেন সারদা কাণ্ডে দোষীদের শাস্তির ব্যবস্থা করেন। সেই সঙ্গে তাঁরা এটাও বলছেন যে বিজেপি যেন কিছুতেই রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো সমঝোতায় না যান।’
রীতেশের বক্তব্য, এঁদের মধ্যে বামপন্থীরাও রয়েছেন। এঁদের অনেকে বামপন্থীদের ছেড়ে বিজেপিকে ভোট দিয়েছেন।
এবারের ভোটে তরুণ প্রজন্ম পশ্চিমবঙ্গেও যেভাবে বিজেপির দিকে ঝুঁকেছে, তা বিজেপির উৎসাহ বাড়িয়েছে। আরএসএস প্রধান মোহন ভাগবতের তরুণদের নিয়ে শিবির তাই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।