
নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশজুড়ে বিজেপির বিশাল জয় পশ্চিমবঙ্গের নাগরিক সমাজের কাছে একটা বিরাট ধাক্কা হিসেবে এসেছে। এই ধাক্কা এতটাই যে নাগরিক সমাজের পরিচিত মুখগুলো এখন সামাজিক পরিসর থেকে উধাও। প্রায় কেউই মুখ খুলতে চাইছেন না।
রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও রাজনৈতিক ভাষ্যকার শিবাজী প্রতিম বসুর স্বীকারোক্তি, বাংলার নাগরিক সমাজ এই ফলাফলে একেবারে হতবাক হয়ে গেছে। বিজেপি জিতবে সেটা অনুমান করা যাচ্ছিল। কিন্তু এত বিশাল জয়ে একেবারে একচ্ছত্র ক্ষমতা পেয়ে যাবে, এটা আশা করেনি। তাই ঘোর কাটতে সময় লাগছে।
সিঙ্গুর-নন্দীগ্রামের আন্দোলনের সময় থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বামপন্থী ও দক্ষিণপন্থীদের তীব্র মেরুকরণের মধ্যেই শিল্পী-সাহিত্যিকসহ বুদ্ধিজীবীরা সক্রিয়ভাবে রাজনীতিতে নিজেদের পরিসর তৈরি করে নিয়েছিলেন। ঘটমান অনেক বিষয়েই তাঁরা নিজেদের মতামত ব্যক্ত করার পাশাপাশি সরকারের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে রাস্তায় নামতেও দ্বিধা করেননি। এঁদের এই প্রতিবাদী ভূমিকাকে স্বীকৃতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্যেই বলেছিলেন, বাম শাসনের অবসানে এঁরা অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নাগরিক সমাজের সেসব পরিচিত ব্যক্তির বেশির ভাগই ছিলেন ঘোষিতভাবে ধর্মনিরপেক্ষ অবস্থানে। বিশেষ করে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে তাঁরা ছিলেন সোচ্চার। কিন্তু এবার ভোটের ফল বেরোনোর পরে তাঁদের প্রতিক্রিয়া আর জানা যাচ্ছে না।
তবে নেই নেই করেও এই নাগরিক সমাজের কিছু মানুষ কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সাম্প্রদায়িকতার বিপদ সম্পর্কে গুরুত্ব দিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছেন৷ সরকারি কলেজের বিজ্ঞানের অবসরপ্রাপ্ত অধ্যাপক অশোকেন্দু সেনগুপ্ত জানান, ভোটের ফল জানার পরে প্রাথমিক ধাক্কা কাটিয়ে তাঁরা বেশ কয়েকজন নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন। ফ্রেন্ডস অব ডেমোক্রেসি নামে তাঁদের একটি ছোট্ট ফোরাম আছে। ওই ফোরামের সদস্যরা ঠিক করেছেন, আগামী মাসেই তাঁরা সাম্প্রদায়িক রাজনীতির বিপদ সম্পর্কে একটি বই প্রকাশ করবেন। ফোরামের সদস্যদের মধ্যে খ্যাতনামা নাট্যকার, পরিচালক ও অভিনেতা বিভাস চক্রবর্তী, সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, বিশিষ্ট পরিবেশবিদ কল্যাণ রুদ্র এবং খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী রণবীর সমাদ্দারসহ আরও অনেকে ওই বইয়ে সাম্প্রদায়িকতার বিভিন্ন দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার প্রয়াসে লিখতে রাজি হয়েছেন।
অশোকেন্দু বলেন, মুখে যতই বলা হোক না কেন, দেখাই যাচ্ছে সমাজের একটা বড় অংশের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা শিকড় গেড়ে রয়েছে। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য সরকারের তরফে বিশেষ ভাতা দেওয়ার ঘোষণাসহ বেশ কিছু ব্যবস্থাকে সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ তোষণনীতি হিসেবেই দেখেছে। এটাকে অস্বীকার করা বা উড়িয়ে দেওয়ার চেষ্টা করে লাভ নেই। বরং সংখ্যালঘুদের সম্পর্কে সংখ্যাগুরু অংশের মনে যেসব ভুল ধারণা (যেমন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরাই বেশির ভাগ সমাজবিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত ইত্যাদি) রয়েছে, তা তলিয়ে দেখে তথ্যের আলোকে বিচার করে সেই সব ভুল ধারণা ভাঙার চেষ্টা করা দরকার৷ এই বইটি সেই লক্ষ্যেই তৈরি করা হবে।
কলকাতা হাইকোর্টের আইনজীবী অরুণাভ ঘোষ অবশ্য মনে করেন, পশ্চিমবঙ্গের বাঙালি সমাজ মুখে যতই ধর্মনিরপেক্ষতার বড়াই করুক না কেন, উত্তর ভারতের নাগরিক সমাজের চেয়ে মানসিকতায় খুব একটা আলাদা নয়। তাঁর বক্তব্য, ‘আমি তো হাইকোর্টে বহু মানুষকে ব্যক্তিগত আলাপচারিতায় বলতে শুনি ‘ওরা’ আর ‘আমরা’ বিভেদ করে কথা বলতে। সংখ্যাগরিষ্ঠ সমাজের এই চিন্তাভাবনার ছোঁয়া বুদ্ধিজীবীদের মধ্যেও রয়েছে বৈকি।’
তবে শিবাজীপ্রতিম বসুর মতোই আইনজীবী অরুণাভও মনে করেন, শুধু ঐতিহ্যগত হিন্দুত্বের কারণেই নয়, পশ্চিমবঙ্গে বিজেপি বেশি ভোট পেয়েছে সমাজের আর একটি অংশের কাছ থেকে। এঁদের মধ্যে রয়েছে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা৷ এঁরা অনেকেই বন্ধ কলকারখানার রাজ্য পশ্চিমবঙ্গে মোদির উন্নয়নের ডাকে মজেছেন। একই সঙ্গে তাঁরা এটাও মনে করিয়ে দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের দাপটের সামনে বামপন্থীরা এতটাই আত্মসমর্পণ করে ফেলেছে যে মধ্যবিত্ত সমাজের মানুষও মনে করতে শুরু করেছে, তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে যদি কেউ পারে সেটা একমাত্র বিজেপি। ফলে, বামপন্থীদেরও অনেকে নিজেদের প্রার্থীকে না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছেন।