বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে শিবসেনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দীর্ঘদিনের মিত্র কট্টর হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনা। এবার লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশসহ কয়েকটি রাজ্যে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দেওয়ার ইঙ্গিত দিয়েছে তারা।
উত্তর প্রদেশে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির নির্বাচনী আসন বারানসি ও বিজেপির সভাপতি রাজনাথ সিংয়ের আসন লক্ষেৗতে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন শিবসেনার একজন নেতা।
উত্তর প্রদেশের দায়িত্বে থাকা শিবসেনা নেতা উদয় পান্ডে বলেন, ‘আমরা প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে দলীয় প্রধান উদ্ধব থ্যাকারের কাছে পাঠিয়েছি। তবে তিনি বারানসি ও লক্ষেৗর প্রার্থীর নাম প্রত্যাহার করতে বলেছেন।’
শিবসেনার পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর প্রদেশ ছাড়াও বিহার, পাঞ্জাব, কেরালা এবং দিল্লিতেও তারা প্রার্থী দেবে।
শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, ‘মোদি ও রাজনাথের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। তবে অন্য রাজ্যগুলোতে আমরা বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেব। আমরা এটা দেখতে চাই যে বিজেপি কিছুটা হলেও দুর্ভোগে পড়ুক।’
মহারাষ্ট্রে রাজ থ্যাকারের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনাকে কাছে টানায় দীর্ঘদিনের মিত্র বিজেপির প্রতি ক্ষুব্ধ হয় শিবসেনা। এনডিটিভি।