বিজেপির ভয়ে পৌর নির্বাচন পেছাবেন মমতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উত্থানে শঙ্কিত পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ১৭টি পৌরসভার নির্বাচন পেছানোর চেষ্টা করছেন বলে অভিযোগ বিজেপির।
তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে ৩৪টিতে জয়ী হয়েছে। বিজেপি পেয়েছে মাত্র দুটি আসন। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল মাত্র ৪ শতাংশ ভোট। এবার বিজেপির সেই ভোট বেড়ে হয়েছে ১৭ শতাংশ। শুধু তা-ই নয়, কলকাতাসহ রাজ্যের বেশ কয়েকটি পৌরসভায় লোকসভার ভোটের নিরিখে বিজেপি শীর্ষস্থান অধিকার করায় বেশ ভাবনায় পড়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জুন-জুলাই মাসে শেষ হচ্ছে এই রাজ্যের ১৭টি পৌরসভার মেয়াদ। অথচ এখনো নির্বাচনের কোনো তত্পরতা নেই রাজ্য সরকারের।
বিজেপির রাজ্য নেতৃত্ব অভিযোগ করেছে, ওই ১৭টি পৌরসভার মধ্যে এবার সাতটি পৌরসভায় লোকসভার ভোটের নিরিখে জয়লাভ করেছে বিজেপি। এ কারণে রাজ্য সরকার এই মুহূর্তে ওই ১৭টি পৌরসভার নির্বাচন দিতে চাইছে না। পৌরসভার মেয়াদ ফুরানোর আগে তারা প্রশাসক নিয়োগ করে নভেম্বরের দিকে নির্বাচন করতে চায়।
এসব দিক বিবেচনা করে গত মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনার মীরা পান্ডের সঙ্গে দেখা করে রাজ বিজেপির একটি প্রতিনিধিদল। প্রতিনিধি দলের সদস্যরা অবিলম্বে ওই ১৭টি পৌরসভা নির্বাচনের দাবি জানান। একই সঙ্গে তাঁরা এ ব্যাপারে একটি সর্বদলীয় বৈঠক করার জন্য নির্বাচন কমিশনারকে অনুরোধ করেন।
বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, লোকসভা নির্বাচনে বিজেপির ব্যাপক উত্থানে ভীত তৃণমূল এখন পৌরসভার ভোট এড়িয়ে যেতে চাইছে। আজ বৃহস্পতিবার বিজেপির একটি প্রতিনিধিদল পৌর নির্বাচন নিয়ে কথা বলতে রাজ্যপালের দ্বারস্থ হবে বলে জানান তিনি।