বিজেপির মতপার্থক্য দূর হয়নি, বৈঠক নিষ্ফল
ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট এনডিএ গতকাল রোববার রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে আবার বৈঠক করেছে। তবে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেও তারা প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সাধারণ সম্পাদক ও লোকসভার সাবেক স্পিকার পি এ সাংমা রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে এনডিএর সমর্থন চেয়েছেন।কংগ্রেসের নেতৃত্বাধীন ভারতের ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) জোট প্রার্থী হিসেবে প্রণব মুখার্জির নাম ঘোষণা করলেও এনডিএ দফায় দফায় বৈঠক করেও প্রার্থী চূড়ান্ত করতে পারছে না। এনডিএ জোটের নেতারা গতকাল নয়াদিল্লিতে বিজেপির নেতা এল কে আদভানির বাসায় বৈঠক করেন। এতে আদর্শগতভাবে বিজেপির বহুদিনের মিত্র শিবসেনা অংশ নেয়নি। কোনো সিদ্ধান্ত ছাড়াই দুই ঘণ্টা ধরে চলা ওই বৈঠক শেষ হয়।বৈঠক শেষে এনডিএ জোটের আহ্বায়ক বিজেপির নেতা শারদ যাদব সাংবাদিকদের বলেন, ‘আমরা বৈঠক করছি। জোট নেতারা তাঁদের মতামত তুলে ধরছেন। সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। কিন্তু, সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে কিছুটা সময় প্রয়োজন।’ তিনি বলেন, জোটের নেতা হিসেবে এল কে আদভানি জোটভুক্ত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন। সিদ্ধান্ত নেওয়ার আগে দিল্লির বাইরের নেতাদের সঙ্গেও আলোচনা করা হবে।এনডিএ জোটভুক্ত দল জনতা দল (জেডি-ইউ) বিহার রাজ্যে বিজেপির সঙ্গে জোটভুুক্ত হয়ে ক্ষমতায় রয়েছে। এই দলটি প্রণব মুখার্জির বিরুদ্ধে কেউ নির্বাচন করুন, তা চাইছে না। দলটির নেতা ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সরাসরি কিছু না বললেও তাঁর দলেরই আরেক নেতা শিবানন্দ তিওয়ারি নির্বাচনে প্রণবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার বিরোধিতা করেছেন স্পষ্টভাবেই।এল কে আদভানি ও জয়ললিতাসহ বিজেপির নেতারা প্রণবকে ফাঁকা মাঠে ছেড়ে দিতে নারাজ। কারণ, মাত্র দুই বছর পর পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময় তাঁরা প্রধান প্রতিপক্ষকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছেড়ে দিতে চান না। বিজেপি সূত্র জানায়, দলটি পি এ সাংমাকেও সমর্থন দিতে পারে। কারণ, পার্লামেন্ট নির্বাচনে সাংমার দল এনসিপির সঙ্গে বিজেডি, এআইএডিএমকের মতো দলগুলোর প্রয়োজন হবে।সমর্থন চেয়েছেন সাংমা: সাংমা তাঁকে সমর্থন দিতে এনডিএ জোটের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এনডিএর নেতারা রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে বৈঠক করছেন। এই পদে আমাকে সমর্থন দিতে তাঁদের প্রতি আহ্বান জানাই। বৈঠকের আগে কয়েকজন নেতা আমার সঙ্গে কথাও বলেছেন।’বিজেপির অন্যতম মিত্র শিবসেনা কাকে সমর্থন করবে, তা এখনো নিশ্চিত নয়। এ ব্যাপারে দলটির নেতা সঞ্জয় রাওত বলেন, দলীয় প্রধান বাল ঠাকরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। গতবার উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি-সমর্থিত প্রার্থী ভৈর সিং শেখাওয়াতকে সমর্থন দেয়নি শিবসেনা।আগামী ১৯ জুলাই ভারতে ১৩তম রাষ্ট্রপতি নির্বাচন হবে। পিটিআই অনলাইন।