বিজেপির ৫৭ প্রার্থীর নাম ঘোষণা
নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের বারানসী থেকে দাঁড়াবেন কি না, সেই জল্পনার অবসান ঘটল না। সেই জল্পনার অবসান না ঘটিয়েই বিজেপি আজ শনিবার ছয় রাজ্যে তাদের ৫৭ প্রার্থীর নাম ঘোষণা করল। প্রার্থীদের মধ্যে অভিনেতা, গায়ক ও সম্পাদক আছেন।
পশ্চিমবঙ্গ, আসাম, কর্ণাটক, কেরালা, ওডিশা ও ত্রিপুরা রাজ্যের ঘোষিত ৫৭ প্রার্থীর মধ্যে চমক অবশ্য কিছুটা আছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও কর্ণাটকের ক্ষেত্রে। কিন্তু উত্তর প্রদেশ, গুজরাট ও দিল্লির যেসব হেভিওয়েট প্রার্থীকে নিয়ে জল্পনা এখনো অব্যাহত, নরেন্দ্র মোদিসহ সেই বাকিদের ভাগ্য নির্ধারিত হবে মার্চের ১৩ তারিখে।
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মধ্যে বিনোদন জগতের মানুষজনের আধিক্য ছিল। সম্ভবত তার সঙ্গে পাল্লা দিয়েই বিজেপির ঘোষিত প্রার্থীর মধ্যে দুজন অভিনেতা, একজন গায়ক ও একজন সম্পাদক স্থান পেয়েছেন। রায়গঞ্জে কংগ্রেসের দীপা দাসমুন্সী, সিপিএমের মহম্মদ সেলিম এবং তৃণমূল কংগ্রেসের সত্যরঞ্জন দাসমুন্সীর বিরুদ্ধে বিজেপি দাঁড় করাল প্রবীণ অভিনেতা নিমু ভৌমিককে। অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন বীরভূম কেন্দ্রে, যেখান থেকে গতবার জিতেছিলেন শতাব্দী রায়। শতাব্দী এবারও তৃণমূলের প্রার্থী। গায়ক ও অভিনেতা বাবুল সুপ্রিয় প্রার্থী হচ্ছেন আসানসোল থেকে। বিশিষ্ট সাংবাদিক, পাইওনিয়ার পত্রিকার সম্পাদক ও রাজ্যসভার সদস্য চন্দন মিত্র লড়বেন হুগলি কেন্দ্রে।
কর্ণাটকের চমক হলেন সাবেক মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। বিজেপির এই জনপ্রিয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল দুর্নীতির কারণে। তাঁকে দল থেকে তাড়িয়ে বিজেপি কর্ণাটকের রাজত্ব হারিয়ে ফেলে। ইয়েদুরাপ্পা নতুন দল গড়ে কংগ্রেসের রাজ্য দখলের পথ সুগম করে দেয়। নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করার তাগিদে সেই ইয়েদুরাপ্পাকেই দলে ফিরিয়ে শিমোগা কেন্দ্র থেকে প্রার্থী করা হলো। ইয়েদুরাপ্পার সঙ্গে মোদির সম্পর্ক খুব ভালো। কংগ্রেস তিন দুর্নীতিগ্রস্ত নেতা অশোক চৌহান, পবন বনসল ও সুরেশ কালমাডিদের স্ত্রীদের টিকিট দিতে আগ্রহী। তা নিয়ে দলে বেশ বিতর্কও হচ্ছে। কংগ্রেসের তালিকা প্রকাশে দেরি হচ্ছে। বিজেপিও তা নিয়ে সরব। এবার ইয়েদুরাপ্পাকে টিকিট দিয়ে বিজেপি ও কংগ্রেস মোটামুটি একই পঙক্তিতে বসে গেল। কর্ণাটকে বাকি দুই হেভিওয়েট প্রার্থী হলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার ও সাবেক মুখ্যমন্ত্রী সদানন্দ গৌড়।
দার্জিলিংয়ে তৃণমূল কংগ্রেস একতরফাভাবে তাঁদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ভারতের সাবেক ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়ার নাম। এ নিয়ে পাহাড়ে বেশ উত্তেজনা। গোর্খা জনমুক্তি মোর্চা খুবই অসন্তুষ্ট। তারা চেয়েছিল তাদের সঙ্গে আলোচনা করে একজন সর্বসম্মত প্রার্থী ঠিক করা হোক। মমতা ব্যানার্জি সেসবের ধারকাছ দিয়ে হাঁটলেন না। ক্ষুব্ধ মোর্চাপ্রধান বিমল গুরুং তাই আজ দিল্লি এসেছেন। গতবার তাঁরা সমর্থন করেছিলেন বিজেপির যশোবন্ত সিংকে। কয়েক মাস ধরে কংগ্রেসের সঙ্গেও মোর্চার সম্পর্ক যথেষ্ট ভালো। বাইচুংয়ের বিরুদ্ধে কাকে সমর্থন করা যায় সেটা বুঝতেই গুরুংয়ের দিল্লি আসা। যদিও তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করছেন না।