বিজেপির ৭৫-ঊর্ধ্বদের রাজ্যপাল করার ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনভর শপথ গ্রহণের মধ্যেই ঠিক হয়ে গেল আজ শুক্রবার ভারতের ষোড়শ লোকসভার স্পিকার নির্বাচিত হবেন বিজেপির প্রবীণ সদস্য সুমিত্রা মহাজন। মধ্যপ্রদেশের ইন্দোর থেকে টানা আটবার জয়ী সুমিত্রা মহাজন সর্বসম্মতভাবে স্পিকার হচ্ছেন। তবে ডেপুটি স্পিকার নিয়ে বিজেপি এখনো মনস্থির করে উঠতে পারেনি। অবশ্য রাজনৈতিক জল্পনায় এআইএডিএমকের সাংসদ এম থাম্বিদুরাই এগিয়ে রয়েছেন।
দলের প্রবীণ নেতাদের পুনর্বাসনের বিষয়টিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেলে রাখতে চাইছেন না। ৭৫ বছরের বেশি বয়সী কারও মোদির মন্ত্রিসভায় স্থান হয়নি। তাঁদের সম্মানজনক পুনর্বাসনের জন্য রাজ্যপাল করার কথা ভাবা হয়েছে। কানপুর থেকে নির্বাচিত মুরলি মনোহর যোশিকে মহারাষ্ট্রের রাজ্যপাল করা হচ্ছে৷ একইভাবে বিজয় মালহোত্রাকে কর্ণাটক ও যশবন্ত সিংকে তামিলনাড়ুর রাজ্যপাল করা হতে পারে। যশবন্ত সিং এবার রাজস্থানের বারমার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে হেরে যান। তাঁকে দল থেকে বহিষ্কারও করা হয়েছিল। সম্প্রতি তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। ৭৫ বছরের বেশি বয়সের লালজি ট্যান্ডন, যশবন্ত সিনহা ও কল্যাণ সিংকেও রাজ্যপাল করা হতে পারে৷
১০ বছর আগে কংগ্রেস ক্ষমতায় এসে এনডিএ আমলে নিযুক্ত রাজ্যপালদের বরখাস্ত করেছিল। এবার তার পুনরাবৃত্তি না হলেও বেশ কিছু রাজ্যের রাজ্যপালদের পরিবর্তন করা হবে। কয়েক দিন ধরে বিভিন্ন রাজ্যপাল দিল্লি এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে যাচ্ছেন। কর্ণাটকের রাজ্যপাল এইচ এল ভরদ্বাজ, মহারাষ্ট্রের কে শংকর নারায়ণ, তামিলনাড়ুর কে রোসাইয়া, গুজরাটের কমলা বেনিওয়ালের দিন আসন্নপ্রায়। বেনিওয়ালের সঙ্গে মোদির দ্বন্দ্ব চলছে অনেক দিন ধরেই। কর্ণাটকের ভরদ্বাজের সঙ্গেও বিজেপির সম্পর্ক বেশ খারাপ। এঁদের জায়গায় বয়স্কদের বসানোর সিদ্ধান্ত প্রায় পাকা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন লালকৃষ্ণ আদভানিকে নিয়ে। কীভাবে তাঁর সম্মান রক্ষা হবে, তা স্পষ্ট নয়। এখনো তিনি এনডিএর চেয়ারপারসন৷ সংসদ ভবনে এনডিএ প্রধান হিসেবে যে ঘরে তিনি বসতেন, তাতে এখন ঢুকছেন না।
লোকসভায় প্রধানমন্ত্রীর পাশেই বসছেন আদভানি। গতকাল মোদির শপথের পরেই তাঁকে শপথ নিতে ডাকেন প্রোটেম স্পিকার কমলনাথ। তারপর সোনিয়া গান্ধী। এই তিনজনের পর শপথ নেন ন্যাশনালিস্ট পিপলস পার্টির নেতা সাবেক স্পিকার পি এ সাংমা, বিজু জনতা দলের অর্জুন চরণ শেঠি ও কংগ্রেসের বীরেন সিং ইংটি। কমলনাথের পাশাপাশি এঁরাও সময়ে সময়ে শপথ গ্রহণ করান। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ও দার্জিলিং থেকে নির্বাচিত সুরিন্দর সিং আলুওয়ালিয়া সংস্কৃত ভাষায় শপথ নেন।